ফেনী আওয়ামী লীগের সম্মেলন ২৬ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৫ বছর পর ২৬ ডিসেম্বর ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। জেলার সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৭ সালে।দলীয় সূত্র জানায়, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় শুরু হবে সম্মেলন। এতে অতিথি থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, সদস্য আমিনুল ইসলাম ও এনামুল হক। নেতা-কর্মীরা জানান, সম্মেলন সফল করতে জেষ্ঠ্য সহসভাপতি আক্রামুজ্জমানকে আহ্বায়ক ও পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারীকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া হাফেজ আহম্মদকে চেয়ারম্যান করে গঠন করা হয় তিন সদস্যের নির্বাচন কমিশন। কমিশন ১৮ ডিসেম্বর সভাপতি ও সম্পাদক পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। ওই দিন সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন। তাঁরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আক্রামুজ্জমান ও ব্যবসায়ী আকরাম হোসেন। সাধারণ সম্পাদক পদের জন্য একমাত্র নিজাম উদ্দিন হাজারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জানা যায়, ১৯৯৭ সালের ডিসেম্বরে ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন অ্যাডভোকেট আবুল কাশেমকে সভাপতি ও জয়নাল হাজারীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। সম্মেলনের পরের বছর সভাপতি আবুল কাশেম মারা যান। তখন প্রথমে কোব্বাদ আহম্মদকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। কিছুদিন পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে আজিজ আহম্মদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। গত ১৩ বছরের বেশি সময় আজিজ আহম্মদ চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে ২০০১ সালের ১৬ অক্টোবর জয়নাল হাজারীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযানের পর থেকে তিনি আত্মগোপনে ভারত চলে যান। তখন থেকে আবদুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০০৪ সালে ফেনী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জয়নাল হাজারীকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ সরকার গঠন করার পর জয়নাল হাজারী দেশে ফিরে আসেন। কিন্তু বহিষ্কার আদেশ প্রত্যাহার না হওয়ায় তিনি আর দলীয় কর্মকাণ্ডে ফিরে আসতে পারেননি।