ফেনী চেম্বার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চেম্বার সভাপতি জামাল উদ্দিন নির্বাচন বন্ধে কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। এ ছাড়া গত মঙ্গলবার রাতে চেম্বারের দুই পরিচালক তাঁর কাছ থেকে জোর করে কার্যবিবরণী খাতাসহ অন্যান্য কাগজপত্র নিয়ে গেছেন বলে থানায় অভিযোগ করেছেন। অন্যদিকে ওই দুই পরিচালক অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২ জুলাই চেম্বারের এক সভায় আইনজীবী খায়ের আহমদকে চেয়ারম্যান ও দুজনকে সদস্য করে ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই নির্বাচন কমিশন আগামী ১ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে।চেম্বার সভাপতি জামাল উদ্দিন জানান, তিনি বিদেশ সফরে থাকা অবস্থায় তাঁর অনুপস্থিতিতে বেআইনিভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিদেশ থেকে ফিরে নির্বাচন কমিশন ও নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম বাতিল করে নির্বাচন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়েছেন। এদিকে সভাপতি মঙ্গলবার সন্ধ্যায় ফেনী চেম্বার অব কমার্সের কার্যালয়ে এক সভা আহ্বান করেন। সভায় পরিচালকদের মধ্যে ব্যাপক বাগিবতণ্ডা হয়। শেষ পর্যন্ত তিন ঘণ্টা আলোচনা করেও কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে সভাপতি সভা মুলতবি ঘোষণা করেন। চেম্বার সভাপতি জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, ‘সভা শেষ হওয়ার পর চেম্বারের দুই পরিচালক সাইফুর রহমান ও আইনুল কবির আমার ব্যাগ থেকে জোর করে কিছু কাগজপত্র ও চেম্বারের কার্যবিবরণী বই নিয়ে যান। এ ঘটনায় রাতেই ফেনী মডেল থানায় ওই দুই পরিচালকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ অপরদিকে চেম্বারের পরিচালক আইনুল কবির পাল্টা অভিযোগ অস্বীকার করে বলেন, চেম্বারের গঠনতন্ত্র অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা বাধ্যতামূলক। ২ জুলাই ফেনী চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে চেম্বার কার্যালয়ে সভা করে উপস্থিত ১৫ জন পরিচালকের সর্বসম্মতিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তা ছাড়া মঙ্গলবার রাতে সভাপতি যে সভা আহ্বান করেন, সে সভাতেও সবাই উপস্থিত ছিলেন। কিন্তু কার্যবিবরণী বইয়ে সবার সইয়ের পর সভাপতি সেটি তাঁর ব্যক্তিগত ব্যাগে ঢুকিয়ে সভা মুলতবি করে চলে যেতে উদ্যত হন। তখন সদস্যদের মনে সন্দেহ হয়, সভাপতি কেন কার্যবিবরণী বই নিয়ে যাচ্ছেন। সভাপতিকে বইটি চেম্বার কার্যালয়ে রেখে যেতে অনুরোধ করা হলে তিনি রেখে যান। তাঁর কাছ থেকে জোর করে নেওয়ার প্রশ্নই আসে না। তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী অবশ্যই ফেনী চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেম্বার সদস্য আবু আহমদ ও মীর হোসেন বলেন, সভাপতি ও পরিচালকদের দ্বন্দ্বে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে তাঁরা চান নির্ধারিত সময়েই নির্বাচন হোক। সূত্র জানায়, গত ১৯ জুনের সভার কার্যবিবরণীর নিচে ২ জুলাইয়ের নির্বাচনী তফসিলসংক্রান্ত সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করায় সচিবকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সভাপতি।