ফেনী চেম্বারের নির্বাচন নিয়ে নানামুখী তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই একে ঘিরে নানামুখী তৎপরতা শুরু হয়েছে।একদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে নিজেদের জন্য ভোট চাইছেন। অন্যদিকে অপর একটি পক্ষ নির্বাচন বানচাল করে প্রশাসক নিয়োগের জন্য মরিয়া হয়ে উঠেছে। ২১ সেপ্টেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী উভয় দল ঢাকায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছে। বৈঠক সূত্র জানায়, বাণিজ্যমন্ত্রী উভয় পক্ষকে সমঝোতার পরামর্শ দিয়েছেন। অন্যথায় তিনি মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী প্রশাসক নিয়োগ করতে পারেন।আগামী ১ অক্টোবর ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচনে সহযোগী, সাধারণ ও গ্রুপ (পরিবহন) ক্যাটাগরিতে ২৪ জন এবং পরিচালক পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গ্রুপ (পরিবহন) ক্যাটাগরিতে জাফর উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফেনী চেম্বারের সাবেক সভাপতি শেখ নুরুল আলমের নেতৃত্বে একটি প্যানেল ও ব্যবসায়ী আবদুর রকিব কাজমীর নেতৃত্বে অপর একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়া কয়েকজন পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ফেনী চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি জামাল উদ্দিন অভিযোগ করেন, তিনি স্বল্প সময়ের জন্য বিদেশে যাওয়ার সুযোগে ফেনী চেম্বারের একটি বিশেষ অংশ তড়িঘড়ি করে সভা ডেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন কমিশন গঠন করে। তিনি ওই নির্বাচন কমিশন বাতিলের জন্য চিঠি দিয়েছিলেন। কিন্তু সেটা গ্রহণ না করে তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য তৎপরতা অব্যাহত রাখে। তিনি বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করে প্রয়োজনে প্রশাসক নিয়োগ করার পরামর্শ দিয়েছেন।চেম্বারের বর্তমান পরিচালক আইনুল কবির শামীম জানান, যেকোনো সংগঠন চলে তার নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী। কেউ একজন দেশে নেই বলে নির্বাচন-প্রক্রিয়া বসে থাকে না। যাঁরা বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন, তাঁরা নির্বাচনে পরাজয় জেনেই নানামুখী তৎপরতা শুরু করেছেন। বাণিজ্যমন্ত্রী নিজেও সবাইকে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চেম্বার সদস্য জানান, মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ না করলে যে কেউ আদালতে মামলা দায়েরের মাধ্যমে নির্বাচন বন্ধের পাঁয়তারার কথাও শোনা যাচ্ছে।