ফেনী জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট বছর পর সম্প্রতি শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ফেনী জেলা আওয়ামী লীগের কর্মী সভায় বক্তারা ১৪ বছর আগের পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছে। ১৯৯৭ সালে ফেনী জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটির অনেকেই বেঁচে নেই, অথবা নিষ্ক্রিয়। ফলে জেলা আওয়ামী লীগ চলছে জোড়াতালি দিয়ে। ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, কোব্বাদ আহম্মদ, আক্রামুজ্জমান, কেন্দ্রীয় যুব লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম শাহীন, জহির উদ্দিন মাহমুদ, শুসেন চন্দ্র লীল প্রমুখ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ফেনী এখনো আতঙ্কের জনপদ। জনগণের মনের ভয় দূর করতে হবে। হাইব্রিড নেতাদের ঠেলায় আসল নেতারা কোণঠাসা হয়ে গেছে। ফেনীর বদনাম ঘোচাতে হলে নেতা-কর্মীদের আচরণ বদলাতে হবে। কর্মী সভায় প্রধান অতিথি ও সভাপতি ছাড়া ২৭ জন নেতা বক্তৃতা দেন। বক্তাদের অধিকাংশই ১৪ বছর জেলায় সম্মেলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সম্মেলনের মাধ্যমে নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।