ফেনী জেলা কারাগার নির্মাণে সিদ্ধান্তহীনতা
ফেনীকে জেলা ঘোষণার ২৬ বছর পরও পূর্ণাঙ্গ অবকাঠামোগত রূপ পায়নি ফেনী জেলা কারাগার। ব্রিটিশ শাসনামলে নির্মিত উপকারাগারটি এখন জেলা কারাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত কয়েক বছরে এ কারাগারের কিছু সংস্কার ও সম্প্রসারণকাজ হলেও বাড়েনি ধারণক্ষমতা। বর্তমানে ফেনী জেলা কারাগারে ধারণক্ষমতার প্রায় চারগুণ বেশি বন্দী রয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, ফেনী শহরের কেন্দ্রস্থল রাজাঝির দীঘির দক্ষিণ পূর্ব পাশে এক একর ৫০ শতক জমির ওপর ১৯১৫ সালে ফেনী উপকারাগার নির্মাণ করা হয়। তখনকার আমলের টিনের ছাউনির কারাগার ভবনটি এখন চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে। জেল থেকে ছাড়া পাওয়া কয়েদিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বন্দীরা ন্যূনতম সুযোগ-সুবিধা পান না। কারাগারে আধুনিক সুযোগ-সুবিধা নেই। জেল কার্যালয় ও সাক্ষাৎকক্ষ, সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের জন্য আলাদা কাজের স্থান, আলাদা পুরুষ, মহিলা ও কিশোর বন্দীদের ভবন, কারারক্ষী ব্যারাক, পুরুষ ও মহিলা বন্দীদের জন্য পৃথক চিকিৎসাকেন্দ্র, জেলারের বাসভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নেই। জেল সুপার মনির আহমেদ বলেন, ‘বর্তমানে একটি টিনের ছাউনির ও চারতলা ভবনের ধারণক্ষমতা ১৭২ জন। অথচ বন্দী আছে এর চারগুণ।’জানা গেছে, নতুন জেলা কারাগার নির্মাণের জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা রাজনৈতিক পটপরিবর্তন ও প্রশাসনিক সিদ্ধান্তহীনতার কারণে সফল হয়নি।গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ১৩ জুলাই তৎকালীন কারা মহাপরিদর্শক ফেনী জেলা প্রশাসককে চিঠির মাধ্যমে নতুন কারাগারের স্থান নির্বাচনের জন্য অনুরোধ করেন। এরপর স্থান নির্বাচন কমিটি ফেনী সদর উপজেলার শিবপুর মৌজায় নয় একর ভূমি চিহ্নিত করে তা জেলা কারাগারের জন্য নির্বাচন করেন। তৎকালীন বিএনপি সরকারের সময় শিবপুর মৌজায় কারাগারের স্থান নির্বাচন করা হলেও কাজ শুরু হয়নি। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তুলাবাড়ীয়া মৌজায় কারাগার নির্মাণের সিদ্ধান্ত হয়। ভূমি অধিগ্রহণ ও কারাগার নির্মাণের জন্য এক কোটি ২৮ হাজার টাকা বরাদ্দও দেওয়া হয়। এসব অগ্রগতির পরও জেলা কারাগার নির্মাণে জমি অধিগ্রহণ হয়নি। ফলে কাজ শুরু করা যায়নি। ইতিমধ্যে সরকার পরিবর্তন হয়ে আবার বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় আসে। এরপর ২০০২ সালে দেশের ১২টি নতুন কারাগার নির্মাণের তালিকা প্রকাশ করে সরকার। সেই তালিকায় ফেনী কারাগারের নাম ছিল না। পরে ওই বছরের ৭ ফেব্রুয়ারি ফেনী জেলা প্রশাসন থেকে তুলাবাড়ীয়া মৌজার পরিবর্তে সদর উপজেলার বারাহিপুর মৌজায় ছয় একর জমিতে জেলা কারাগার নির্মাণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। ওই প্রস্তাবে জমি অধিগ্রহণ ও কারাগার নির্মাণের জন্য এক কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়। অপরদিকে বারাহিপুর মৌজায় কারাগার নির্মাণের প্রস্তাব বিবেচনাধীন থাকাবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মালিপুরে জেলা কারাগার নির্মাণের প্রস্তাব দেয়। ফেনী গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেরিত প্রস্তাব আমলে নিয়ে মালিপুর মৌজায় গণপূর্ত অধিদপ্তরের পরিত্যক্ত ইটভাটায় সাড়ে সাত একর ভূমি জেলা কারাগারের জন্য অধিগ্রহণ করা হয়। এ প্রকল্পের আওতায় জেলা কারাগারের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৭ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা।২০০৬-০৭ অর্থবছরে মালিপুর মৌজায় জেলা কারাগারের জন্য অধিগ্রহণ করা ভূমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। পরে ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করতে গেলে আবারও নতুন করে বিপত্তি ঘটে। মাটি পরীক্ষার পর দেখা যায়, মাটির ভার বহন ক্ষমতা অনেক কম। এ কারণে ফেনী জেলা কারাগার নির্মাণ আর সম্ভব হয়ে ওঠেনি।বর্তমানে নতুনভাবে অন্তর্ভুক্ত প্রকল্পে এ জেলা কারাগার নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকা। যা আগের প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ১৪ কোটি পাঁচ লাখ ৩৩ হাজার টাকা বেশি। এর ফলে মোট প্রকল্প ব্যয় বেড়েছে প্রায় ৩০ কোটি টাকার মতো।গণপূর্ত অধিদপ্তরের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন পাটোয়ারী জানান, মালিপুরের ভূমিতে মাটির ভারবহনক্ষমতা কম বলেই প্রকল্পের ব্যয় কিছুটা বেড়ে গেছে। তিনি জানান, ‘প্রস্তাবিত এ প্রকল্পে বন্দী ধারণক্ষমতা ২০০ জন। এ ছাড়া বন্দীদের সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। এ প্রকল্পটি সম্পূর্ণ সরকারের নিজস্ব অর্থায়নে হচ্ছে। যে কারণে অর্থ ছাড় করতে দেরি হচ্ছে।’