ফেনী জেলা যুবলীগের তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটির বয়স এখন সাত বছর পেরিয়ে গেছে। গত সাড়ে তিন বছরে এ আহ্বায়ক কমিটির একটি সভাও হয়নি। এদিকে ফেনী সদর উপজেলাসহ চার উপজেলা যুবলীগের সম্মেলন হয়নি গত ১৪ বছর। একাধিকবার আহ্বায়ক কমিটি গঠন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে সংগঠনে চলছে স্থবিরতা, কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা। জানা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার এক বছর পর ১৯৯৭ সালে জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। ২০০১ সালে সরকার পরিবর্তনের পর নানা কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েন নেতা-কর্মীরা, সাংগঠনিক কাজও স্থবির হয়ে পড়ে। ২০০৩ সালের নভেম্বরে কেন্দ্রীয় যুবলীগ প্রথমে আজাহারুল হক ওরফে আরজুকে আহ্বায়ক এবং শাখাওয়াত হোসেন ও এম সাহজাহান ওরফে সাজুকে যুগ্ম আহ্বায়ক করে ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। সে কমিটি এখনো বহাল রয়েছে, কিন্তু কমিটির কার্যক্রম নেই বলে জানান নেতা-কর্মীরা। কমিটির বেশ কয়েকজন সদস্য ব্যক্তিগত ও পারিবারিক কাজে এখন ফেনীর বাইরে থাকেন। আহ্বায়ক কমিটির সদস্য ও ফেনী পৌর কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ অভিযোগ করেন, কমিটির আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক সভা না করে এবং অন্য সদস্যদের মতামত না নিয়ে খেয়ালখুশিমতো পছন্দের লোক দিয়ে বিভিন্ন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে অন্য সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি একাধিকবার কেন্দ্রীয় যুবলীগকে জানানো হয়েছে। কাজ না হওয়ায় কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য জেলা আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা দেয় কেন্দ্রীয় কমিটিকে। কিন্তু এতেও কোনো ফল হয়নি। নেতা-কর্মীদের অভিযোগ, জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে শুধু পরশুরাম উপজেলায় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে কমিটি ঘোষণা না করায় বিভক্তি দেখা দেয়। সোনাগাজী ও াগলনাইয়া উপজেলা আহ্বায়ক কমিটিও অনেকটা স্থবির হয়ে পড়েছে। দাগনভূঁঞা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয় তিন বার। এতে সংগঠনও দ্বিধাবিভক্ত হয়েছে বারবার। ফেনী সদর উপজেলা কমিটি গঠিত হয় ১৯৯৬ সালে। বর্তমানে ওই কমিটিও নিষ্ক্রিয় হয়ে পড়েছে।জেলা যুব লীগের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য জাহাঙ্গীর কবির অভিযোগ করেন, ফেনী সদর উপজেলা কমিটি বর্তমান জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়কের পছন্দে হয়েছিল। তাই সে কমিটি গত ১৪ বছর ধরে বহাল তবিয়তে রয়েছে। মামুনুর রশীদ জানান, ফেনী পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হলেও সদস্যদের ওয়ার্ড কমিটি গঠনের অনুমতি দেওয়া হয়নি। তবুও সংগঠন গতিশীল রাখার স্বার্থে পৌরসভার ১৮টি ওয়ার্ডে কমিটি করা হয়েছে।জেলা যুবলীগের আহ্বায়ক ও ফেনীর ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আজাহারুল হক জানান, ‘সংগঠনে গতি ফিরে আসুক ও জেলা যুবলীগের সম্মেলন হোক তা আমিও চাই। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। সম্মেলন হলে আমি সভাপতি পদের জন্য প্রার্থী হবো। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তের ওপরই সম্মেলনের দিন তারিখ নির্ভর করছে।’