ফেনী দীঘিরপাড়ে মিলনমেলা
ফেনীতে বৈশাখী মেলাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে ভোর থেকে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানে ফেনী শহর প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনের মিলনমেলায় পরিণত হয়েছিল ঐতিহ্যবাহী দীঘিরপাড় (বঙ্গবন্ধু পার্ক) এলাকা।সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে জেল সড়কের ফেনী পিটিআই মাঠে গিয়ে শেষ হয়। পিটিআই মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। পরে সেখানে তিনি তিন দিনের বৈশাখী মেলার উদ্বোধন করেন। পয়লা বৈশাখ সন্ধ্যায় পিটিআই মাঠে জেলা প্রশাসনের অয়োজন ও শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাটক মঞ্চস্থ করে পূবালী সাংস্কৃতিককেন্দ্র। এ ছাড়া দিনের অনুষ্ঠানে ছিল আবৃত্তি, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা সদরের বাইরে পরশুরাম উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চত্বরে সাত দিনের বৈশাখী মেলা শুরু হয়। সোনাগাজীতে নতুন বছরকে বরণ করতে সকালে আনন্দ শোভাযাত্রা, উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। বিকেলে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে বাউল গানের আসর হাজারো দর্শককে মাতিয়ে তোলে। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন ফেনীসহ জেলার বিভিন্ন ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানে মিষ্টিমুখের আয়োজন করা হয়। দোকানে দোকানে খোলা হয় হালখাতা।সোনাগাজী উপজেলায় দাসের হাটের দক্ষিণ পাশে চরসাহাভিখারী গ্রামে চৈত্রসংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। খোলা মাঠের গ্রামীণ ঐতিহ্যবাহী এ মেলায় শতাধিক ভাসমান দোকান বসে। এসব দোকানে বিশেষ করে হাতে তৈরি মিষ্টিজাতসামগ্রীর চাহিদা ছিল প্রচুর। সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শ্রেণী ও পেশার বিপুলসংখ্যক মানুষ মেলা ও হিন্দু সম্প্রদায়ের চড়কগাছ পূজা উপভোগ করেন। এদিকে, পয়লা বৈশাখে কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নত মানের বাঙালি খাবার পরিবেশন করা হয়। ফেনী শহরের রাজাঝির দীঘিরপাড়ে অবস্থিত শিশুপার্ক সবার জন্য (বিনা টিকিটে) উন্মুক্ত রাখা হয়।বিকেলে ফেনীর প্রস্তাবিত বঙ্গবন্ধু পার্ক বিজয় সিংহ দীঘিরপাড়ে নামে জনতার স্রোত। কোনো মেলা বা অনুষ্ঠান না থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে দীঘির চারপাশ। নববর্ষে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনের মিলনমেলায় পরিণত হয়েছিল দীঘিরপাড় এলাকা।