৪১ বছর আগে বিয়ের পর স্বামীর সঙ্গে ভারতে চলে যান মালতী দেবী চাকমা। এখন স্থায়ী বসবাস ত্রিপুরা রাজ্যের আগরতলায়। ফি বছর বারুণী স্নানের সময় সাবরুম-রামগড় সীমান্তে পাহারা শিথিল থাকে। এই সময় আত্মীয়স্বজনকে দেখতে সীমান্ত অতিক্রম করে এ দেশে আসেন তিনি।
২৬ মার্চ বারুণী স্নানের দিন খাগড়াছড়ি জেলার রামগড়ে ফেনী নদীর তীরে কথা মালতি দেবী চাকমার সঙ্গে। এবার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন তিনি। বললেন, এখন ভারতে বসবাস করলেও দেশের কথা ভোলেননি। স্বজনদের সঙ্গে দেখা করতে অপেক্ষায় থাকেন বারুণী স্নানের জন্য।
ঐতিহ্যবাহী বারুণী স্নান উপলক্ষে বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় ও ভারতের সাবরুম সীমান্তে ফেনী নদীর তীরে দুই দেশের মানুষের মিলনমেলা বসেছিল। বারুণী স্নানে অংশ নিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উভয় দেশের হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী ভিড় জমিয়েছিলেন সেদিন।
রামগড়ের স্থানীয় বাসিন্দারা জানান, বারুণী স্নানকে ঘিরে বহুকাল আগ থেকেই দুই দেশের সীমান্ত অঘোষিতভাবে কিছু সময়ের জন্য খোলা থাকে। এ সময় দুই দেশের মানুষজন সীমান্ত অতিক্রম করে পাশের দেশে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন আবার কেউ কেউ কেনাকাটাও করেন। এ দিনে বাঙালি হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি ত্রিপুরা, মারমা, চাকমা, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে।
২৬ মার্চ সকালে রামগড়ের ফেনী নদীর তীরে গিয়ে দেখা যায়, পুণ্যার্থী ও দর্শনার্থী ভিড়ে গমগম করছে পুরো এলাকা। পূজা-অর্চনা শেষে নদীতে নেমে পুণ্যস্নান করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সীমান্ত অঘোষিতভাবে খোলা থাকায় অনেকে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতের সাবরুম যাচ্ছিলেন। আবার সাবরুম থেকেও অনেকে এসেছেন এ পারের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে।
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে রামগড় এসেছেন স্কুলশিক্ষিকা নীলিমা রানী ত্রিপুরা। পূজা ও বারুণী স্নান শেষে তিনি বলেন, নিজেদের শান্তি কামনার পাশাপাশি পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির আশায় প্রতিবছর ফেনী নদীতে বারুণী স্নানে অংশ নেন। এখানকার আত্মীয়স্বজনদেরও দেখে যান এ উপলক্ষে।
ভারতের সাবরুম থেকে আসা ব্যবসায়ী সুব্রত দত্ত বলেন, ‘প্রতিবছর এখানে হিন্দুধর্মের রীতি অনুসারে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে স্নান করি ও তাঁদের উদ্দেশ্যে জল দিই। এতে তাঁদের আত্মা শান্তি পায়।’
চট্টগ্রাম থেকে পরিবার-পরিজন নিয়ে আসা চিকিৎসক রাজীব চক্রবর্তী বলেন, ‘পরিবার–পরিজন নিয়ে সাবরুম যাচ্ছি নানা-নানির সঙ্গে দেখা করতে। দেশ স্বাধীন হওয়ার পর নানা-নানি ও মামারা ভারতে থেকে যান। প্রতিবছর এই দিনে তাঁদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে এখানে চলে আসি।’