ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী নদীর ওপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর নির্মাণকাজ শিগগিরই শুরু করবে ভারত সরকার। দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি সাংস্কৃতিক আদান–প্রদানেও এ মৈত্রী সেতু বড় ভূমিকা রাখবে। ১৩ জানুয়ারি খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সম্মেলনে এ কথা বলেন ভারতের ত্রিপুরা রাজ্যের লোকসভার সদস্য জীতেন্দ্র চৌধুরী।

বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস (টিএসএফ) ফোরামের দুই যুগ পূর্তি ও সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন তিনি। এই উপলক্ষে রামগড় টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ত্রিপুরা রাজ্যের লোকসভার সদস্য জীতেন্দ্র চৌধুরী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ত্রিপুরায় ভারত-বাংলাদেশ মৈত্রী পার্ক নির্মাণ করা হয়েছে। পার্কে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের মতো একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাস্কর্যও স্থাপন করা হয়েছে সেখানে। পার্কটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

টিএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, লেখক প্রভাংশু ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক বিভিশ্বর ত্রিপুরা ও সাবেক সভাপতি মণীন্দ্র কিশোর ত্রিপুরা সভায় বক্তব্য দেন।

আলোচনা সভার আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন অতিথিরা। এর আগে সকালে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন প্রমুখ। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।