ফেনী নদীর বালু তোলা নিয়ে দুপক্ষের উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী নদীর মিরসরাই অংশে তিন বালুমহাল থেকে বালু তোলা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেন প্রকল্পের জন্য বালু সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান বৈধ ইজারাদারদের অংশ থেকে বালু তুলতে গেলে উভয় পক্ষে দ্বন্দ্ব শুরু হয়। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে, এ দ্বন্দ্বে বাধাগ্রস্ত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ।জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৪১৮ বাংলা সনের জন্য তিনটি প্রতিষ্ঠান ফেনী নদীর চট্টগ্রাম অংশের তিনটি বালুমহাল ইজারা নেয়। এগুলো হচ্ছে মেসার্স ভূঁইয়া অ্যান্ড সন্স (ধুমঘাট বালুমহাল) লিজা এন্টারপ্রাইজ (মোল্লারঘাট বালুমহাল) ও মেসার্স ইমাম হোসেন এন্টারপ্রাইজ (জয়পুর পূর্বজোয়ার বালুমহাল)। অপর দিকে, পানি উন্নয়ন বোর্ড, ভূমি মন্ত্রণালয় ও ফেনীর জেলা প্রশাসক নাঙ্গলমোড়া ও জয়চাঁদপুর মৌজা থেকে চারলেন প্রকল্পের জন্য ঠিকাদার সিনো-হাইড্রো কোম্পানি এবং রেজা কনস্ট্রাকশনকে বালু সংগ্রহের অনুমতি দেয়। এই দুই প্রতিষ্ঠান বালু সরবরাহের জন্য হাসান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু অভিযোগ উঠেছে, এ প্রতিষ্ঠান বালুমহালের ইজারাদার নয়। এ কারণে তারা বালু উত্তোলন করতে গেলে বৈধ ইজারাদাররা বাধা দেন। বিষয়টি প্রশাসন পর্যন্ত গড়ালেও এর কোনো সমাধান হয়নি।বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির পরিচালক তোবারক হোসেন জানান, সরকারকে রাজস্ব দেওয়ার পর বালু উত্তোলন বিপণনসহ বিভিন্নভাবে তাঁদের আরও প্রায় চার কোটি টাকা খরচ হয়েছে। অথচ হাসান এন্টারপ্রাইজের সঙ্গে চারলেনের ঠিকাদারি প্রতিষ্ঠানের বালু সরবরাহের চুক্তি হলেও তারা বালু মহালের ইজারাদার নয়। হাসান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শরিফুল ইসলাম দাবি করেন, সিনো-হাইড্রো কোম্পানি ও রেজা কনস্ট্রাকশনের সঙ্গে তাঁদের বালু সরবরাহের চুক্তি হয়েছে। তবে তিনি বালু মহালের ইজারা বা চুক্তির পক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি।জানা যায়, ফেনী নদী থেকে বালু উত্তোলন, মজুদ ও সরবরাহকে কেন্দ্র করে ইতিমধ্যে দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ ৩ ডিসেম্বর ধুমঘাট বালুমহালের ইজারাদারের লোকজনের সঙ্গে চারলেন প্রকল্পের বালু সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় দুই পক্ষ পরস্পরকে দায়ী করে মিরসরাই থানায় অভিযোগ দাখিল করেছে। পুরো বিষয়ের বর্ণনা দিয়ে ৫ ডিসেম্বর উভয় পক্ষ মিরসরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করে।অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান জানান, দুই পক্ষের অভিযোগই তদন্ত হচ্ছে।এদিকে, দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে রেজা কনস্ট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক মো. রবিউল হক জানান, দুই পক্ষের সমস্যার কারণে চারলেন প্রকল্পে বালু সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যাবে না।বৈধ ইজারাদার কে জানতে চাইলে মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ কুতুব বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে ভূইয়া অ্যান্ড সন্স, লিজা এন্টারপ্রাইজ এবং ইমাম হোসেন এন্টারপ্রাইজকে বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। হাসান এন্টারপ্রাইজ বৈধ ইজারাদার নয়। তারা বালু উত্তোলনের জন্য অনুমতি পেয়েছে জানালেও আমি সেই অনুমতিপত্রটি এখনো দেখিনি।’