ফেনী পৌরসভার স্থগিত দুটি কেন্দ্রে পুনর্নির্বাচন ১৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভা নির্বাচনে স্থগিত দুটি কেন্দ্রে পুনর্নির্বাচন হবে ১৬ এপ্রিল। গত ১৮ জানুয়ারি নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওই দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রশাসন।জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মধুপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পুনর্নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল। বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ৩৮৩ জন। পূর্ব মধুপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজার ৮৫৭ জন। ফেনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলতাফ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৬ এপ্রিল দুটি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।’ প্রসঙ্গত, ফেনী পৌরসভার মেয়র পদ, ১৮টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৬টি ও ছয়টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মধ্যে চারটি পদের ফলাফল গত ১৮ জানুয়ারি ঘোষণা করা হয়।