ফেনী পৌরসভার ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা
২০১১-১২ অর্থবছরের জন্য ফেনী পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার পৌরসভা চত্বরে এক অনুষ্ঠানে পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে নতুন করারোপ করা হয়নি। তবে মুক্তিযোদ্ধাদের পৌরকর মওকুফ করা হয়েছে। বাজেট অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, সহসভাপতি কোব্বাদ আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।বাজেটে সম্ভাব্য আয়ের খাত হিসেবে দেখানো হয়েছে কর আদায় বাবদ ১১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার, রেইট থেকে এক কোটি ৭৫ লাখ, ফি ১২ লাখ, সম্পত্তি থেকে আয় এক কোটি চার লাখ, ইজারা দুই কোটি ১৬ লাখ ২০ হাজার, অন্যান্য এক কোটি ৫৪ লাখ ১১ হাজার টাকা, পানি সরবরাহ থেকে ৬৪ লাখ ২০ হাজার ও আগত তহবিল থেকে চার কোটি তিন লাখ ১৪ হাজার টাকা।অপরদিকে, ব্যয়ের খাত ধরা হয়েছে সাধারণ সংস্থাপন তিন কোটি ৩৪ লাখ ৫০ হাজার, স্বাস্থ্য ও পয়নিষ্কাশন ৯৮ লাখ, শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি ৭৫ লাখ, ত্রাণ সাহায্য ও অনুদান ৩৯ লাখ, পরিচালন ও রক্ষণাবেক্ষণ দুই কোটি ৭৭ লাখ, অবকাঠামো উন্নয়ন ৪৪ কোটি ৩২ লাখ ৭০ হাজার, মূলধন ব্যয় এক কোটি ৭৫ লাখ টাকা, পানি সরবরাহ ৫৬ লাখ ৪৫ হাজার এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে দুই কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা।