ফেনী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক মাত্র একজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন চিকিসৎক ও একজন চিকিৎসা সহকারী দিয়েই চলছে ফেনী বক্ষব্যাধি হাসপাতাল। দীর্ঘ কয়েক দশক বন্ধ থাকার পর হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম ২০০৬ সালে পুনরায় শুরু হলেও অন্তর্বিভাগ চালু হয়নি। ১৯৬৪ সালে ফেনী শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামে ২০ শয্যার এই হাসপাতাল নির্মাণ করা হয়। ১৯৬৫ সালে হাসপাতালটি পুরোদমে চালু হয়। সে সময় হাসপাতালটিতে দুজন চিকিৎসক, তিনজন সেবিকা, তিনজন ওয়ার্ডবয়, একজন ফার্মাসিস্ট, তিনজন সহকারী সেবক, দুজন রাঁধুনি ও মশালচি এবং দুজন পরিচ্ছন্নতাকর্মী কর্মরত ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতীয় সীমান্তসংলগ্ন হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৭৪ সালে হাসপাতালটি পুনরায় চালু হলেও চিকিৎসক ও কর্মচারীরা অন্যত্র বদলি হয়ে গেলে আবারও বন্ধ হয়ে যায়। ২০০৬ সালে হাসপাতালটি পুনরায় চালু হলেও অন্তর্বিভাগ চালু হয়নি। বর্তমানে কেবল বহির্বিভাগ চালু আছে বলে জানা গেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে গড়ে প্রতিদিন ৭০ জন রোগী বহির্বিভাগে আসে। প্রয়োজনীয় লোকবল না থাকায় চালু করা যাচ্ছে না অন্তর্বিভাগ। এতে জটিল রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।স্থানীয় বাসিন্দা আবু আহম্মদ ও আবুল কাশেম জানান, সাধারণ অসুখ-বিসুখ হলে এই হাসপাতালে গিয়ে চিকিৎসা পাওয়া যায়। এতে এলাকাবাসীর উপকার হচ্ছে। তবে হাসপাতালটি পুরোপুরি চালু হলে যক্ষ্মারোগীরা আরও অনেক বেশি উপকৃত হতো। চিকিৎসা কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, ‘আমি ও চিকিৎসা সহকারী প্রতিদিন ফেনী থেকে হাসপাতালে আসা-যাওয়া করি। এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। গড়ে প্রতিদিন ৭০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসে। দুজনের পক্ষে তাদের সেবা দেওয়া বেশ কঠিন। তা ছাড়া পরিচ্ছন্নতাকর্মী না থাকায় অন্য লোক দিয়ে হাসপাতাল পরিষ্কার রাখতে হয়।’লিয়াকত হোসেন আরও বলেন, হাসপাতালের ভবনসহ সব অবকাঠামোই রয়েছে। সরকার ইচ্ছা করলে ২০ শয্যার হাসপাতাল আবারও চালু করতে পারবে। তবে তার আগে লোকবল নিয়োগ দিতে হবে এবং চিকিৎসক-কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান করতে হবে। ফেনীর সিভিল সার্জন হরিপদ রায় বলেন, ‘হাসপাতালটি পুরোপুরি চালু করার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাহায্য চাওয়া হয়েছে। কিন্তু এটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, তাই সময় লাগবে।’