ফেনী বিএনপিতে এক দশক ধরে দুই ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা বিএনপিতে গত এক দশক থেকে চলছে দুটি পৃথক ধারা। জেলার সব উপজেলা, ইউনিয়ন, এমনকি অঙ্গসংগঠনেও এর প্রভাব পড়েছে। এ বিরোধের সর্বশেষ প্রকাশ ঘটে গত ২৫ সেপ্টেম্বর জেলা বিএনপির প্রতিনিধি সভায়।

বিবদমান দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানের এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় স্থানীয় নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে এক ঘণ্টার মধ্যে সভা শেষ করে দেওয়া হয়। এর আগে ওই মাসে দুইবার জেলা বিএনপির প্রতিনিধি সভার তারিখ পরিবর্তন করা হয়।

বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা বিএনপির দুই ধারার মধ্যে এক পক্ষে রয়েছে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ভাই সাঈদ এস্কান্দর-সমর্থিত বর্তমান জেলা ও উপজেলা কমিটির নেতা-কর্মীরা। অন্য পক্ষে আছেন ফেনী-২ ও ৩ আসনের সাংসদ মোশারফ হাসেন ও জয়নাল আবদীনের (ভিপি জয়নাল) অনুসারীরা। মোশারফ-ভিপি জয়নাল-সমর্থিতরা বর্তমান জেলা ও উপজেলা কমিটিগুলোতে পদবঞ্চিত হয়েছেন।

নেতা-কর্মীরা জানান, ২০০৩ সালে জেলা বিএনপির সম্মেলনে কমিটি গঠন নিয়ে দলের ভেতর বিরোধের শুরু। তৎকালীন কেন্দ্রীয় মহাসচিব আবদুল মান্নান ভূঁঞার উপস্থিতিতে ওই সম্মেলন হট্টগোলের একপর্যায়ে পণ্ড হয়ে যায়। তখন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে মোহাম্মদ মোশাররফ হোসেন ও ভিপি জয়নাল।

জানা যায়, ২০০৯ সালের সেপ্টেম্বরে জেলা বিএনপির সম্মেলনে সাঈদ এস্কান্দারকে সভাপতি ও জিয়া উদ্দিনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে দুই সাংসদ মোশাররফ ও ভিপি জয়নালকে সদস্য রাখা হলেও তাঁরা কখনো জেলা বিএনপির সভায় আসেননি। তবে তাঁরা আলাদাভাবে নিজেদের অনুসারীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।

এদিকে জেলা ছাত্রদলের সাত সদস্যের কমিটি নিয়েও বিরোধ চলছে টানা তিন বছর। সাতজনের মধ্যে এক পক্ষে রয়েছেন সভাপতি, সহসভাপতি, যুগ্ম-সম্পাদক ও প্রচার সম্পাদকসহ পাঁচজন। অপর পক্ষে রয়েছেন সাধারণ সম্পাদকসহ দুইজন।

সূত্র জানায়, দলে গতি আনার লক্ষ্যে গত ৪ সেপ্টেম্বর জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু সভার আগের রাতে দুর্বৃত্তরা সভাস্থলে আগুন দিয়ে আসবাবপত্র পুড়ে দিলে সভা স্থগিত হয়ে যায়। এরপর ১৫ সেপ্টেম্বর নির্ধারিত নতুন তারিখে ভিপি জয়নাল ও সাঈদ এস্কান্দরের সমর্থকেরা শহরের দুটি পৃথক সামাজিককেন্দ্রে সভা আহ্বান করেন। পরে ওই সভাও স্থগিত করে ২৫ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টুর উপস্থিতিতে এ সম্মেলনেও উভয় পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় নেতাদের ছাড়া কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে এক ঘণ্টার মধ্যে সভা শেষ করা হয়।

ফেনী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর কমিটি নিয়ে বিরোধের কারণে হতাশ নেতা-কর্মীরা। সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন বলেন, বিরোধের কারণে সংগঠন দুর্বল হয়ে পড়েছে। জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, ‘বড় দলে ছোটখাটো কিছু সমস্যা তো থাকবে। সবাইকে তো আর খুশি করা যায় না।’ তবে সরকারবিরোধী আন্দোলন এবং নির্বাচনে সবাই একযোগে কাজ করবে বলে তিনি আশা করেন। এ বিষয়ে তেমন কোনো মন্তব্য করতে চাননি সাংসদ জয়নাল আবদীন। তবে তিনি জানান, সমস্যাগুলো সময়মতো ঠিক হয়ে যাবে।