‘এক বড়ভাই আমাকে বললেন, গাছে উঠলে এক শ টাকা দেওয়া হবে। তাঁর কথামতো গাছে উঠলাম আমি। কিছুক্ষণ পর গাছ থেকে নেমে বড়ভাইয়ের কাছে প্রাপ্য টাকা দাবি করি। বড়ভাইয়ের উত্তর, তোমাকে ওঠার জন্য বলা হয়েছে, নামার জন্য নয়। গাছ থেকে নামার কারণে তোমার এক শ টাকা কাটা গেল।’
মীরাক্কেল তারকা আবু হেনার এই কৌতুক হলভর্তি দর্শককে মুহূর্তে ভাসিয়ে নিল হাসির জোয়ারে। কেবল আবু হেনা নন ফেনীর দর্শকদের হাসিয়ে পেটের খিল ধরালেন আরেক মীরাক্কেল তারকা জামিলও।
গত ২৫ ও ২৬ এপ্রিল ইনভাইট মিডিয়ার আয়োজনে ফেনীতে অনুষ্ঠিত কৌতুকের আসরে যোগ দিয়ে দর্শক মাতালেন তাঁরা। পাশাপাশি ফেনী মাতাতে এসেছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিছ ও হারুন কিসিঞ্জার।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ২৫ এপ্রিল সন্ধ্যা সাতটা ও নয়টায় দুটি আসরে কৌতুক পরিবেশন করেন মীরাক্কেলের দুই তারকা। দর্শকদের দেখে মুগ্ধ মীরাক্কেল তারকারা আবারও ফেনীতে আসার প্রতিশ্রুতি দেন। ছোট ছোট গল্পের মাধ্যমে দর্শককে আনন্দ দিয়েছেন আবু হেনা। আর জামিল অনেকটা গানের সুরে পরিবেশন করেন অনবদ্য কৌতুক।
কলকাতা মাতিয়ে আসা এই দুই তারকার দম ফাটানো কৌতুক শুনে উচ্ছ্বসিত ফেনীর দর্শকেরাও। লেমুয়া এলাকা থেকে আসা মো. হানিফ ও বালিগাঁওয়ের তাজুল ইসলাম বলেন, ‘মীরাক্কেলের দুই তারকা ফেনী আসবে এটা আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে অনুষ্ঠানে এসে এই টিভি তারকাদের কৌতুক শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে।’
২৬ এপ্রিল সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমিতে কৌতুক পরিবেশন করেন আনিছ ও হারুন কিসিঞ্জার। তাঁদের পরিবেশিত নোয়াখালীর আঞ্চলিক ভাষার কৌতুক শুনে হাসির ফোয়ারা ছোটে মিলনায়তনজুড়ে।
আয়োজক ইনভাইট মিডিয়ার পরিচালক রাশেদুন্নবী চৌধুরী বলেন, ফেনীতে এ ধরনের অনুষ্ঠান এটাই প্রথম। দর্শকদের ভালো সাড়া পাওয়া গেছে। এতে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে কর্তৃপক্ষের উৎসাহ বেড়েছে।