ফেনী মাতালেন মীরাক্কেল তারকা রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাসফড়িং ইভেন্টের আয়োজনে ফেনীর বিজয় সিং দিঘি প্রাঙ্গণে কৌতুক পরিবেশন করেন মীরাক্কেল তারকা আবু হেনা রনি l প্রথম আলো
ঘাসফড়িং ইভেন্টের আয়োজনে ফেনীর বিজয় সিং দিঘি প্রাঙ্গণে কৌতুক পরিবেশন করেন মীরাক্কেল তারকা আবু হেনা রনি l প্রথম আলো

হাসতে হাসতে পেটে খিল—ফেনীর বাসিন্দাদের এ কথার মর্ম বোঝালেন ভারতের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত রিয়্যালিটি কৌতুকের অনুষ্ঠান মীরাক্কেলের তারকা আবু হেনা রনি। ৪ অক্টোবর রাতে শহরের মহীপাল বিজয়সিংহ দিঘির পাড়ে অনুষ্ঠিত কৌতুকের আসরে দর্শক মাতান মীরাক্কেল-৬ বিজয়ী রনি। ‘হাসতে কারও মানা নেই’ স্লোগানে স্থানীয় ঘাসফড়িং ইভেন্টের আয়োজনে ও ফেনী কমেডি ক্লাবের ব্যবস্থাপনায় রনির এই কৌতুকের আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ঘাসফড়িং ইভেন্টের চেয়ারম্যান মাঈন উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন আরাফাত খান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল হক, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজী। বক্তারা মাদক ও ইভ টিজিংকে না বলতে উপস্থিত তরুণ ও যুবকদের আহ্বান জানান।
রনির একের পর এক কৌতুক শুনে হাসিতে ভেঙে পড়ে দর্শকেরা। কৌতুকের মাঝে তরুণ দর্শকদের উদ্দেশে জীবন ও নৈতিকতা সম্পর্কেও নানা কথা বলেন তিনি।
রনি বলেন, ‘ফেনী অনেক সুন্দর জায়গা। অনুষ্ঠানের আগে বিজয়সিংহ দিঘির পাড় ঘুরে অনেক ভালো লেগেছে। এ জেলার মানুষও অনেক ভালো। দেশের অনেক জায়গায় অনুষ্ঠান করেছি। এখানে এসে মানুষের ভালোবাসা পেয়ে অভিভূত।’
তরুণদের ভালো মানুষ হয়ে ওঠারও আহ্বান জানান রনি। তিনি বলেন, ‘একদিন আমি এক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে দারোয়ান আমাকে ঢুকতে দেননি। আমি আবারও চেষ্টা করলাম, কিন্তু ঢুকতে দিলেন না। তাই আমি স্বপ্ন দেখলাম অনেক বড় হব। মানুষের মতো মানুষ হব। প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন দেখতে হলে নেশা থেকে দূরে থাকতে হবে।’
আবু হেনা রনি আরও বলেন, জীবনের কোনো সংকটে সাহস হারালে চলবে না। হতাশ হওয়া যাবে না। বেঁচে থাকার স্বপ্ন দেখে যেতে হবে।