ফেনী মাতিয়ে গেলেন রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে দর্শক-শ্রোতাদের মাতিয়ে গেলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। সুরের মায়াজাল বিছিয়ে ছড়িয়ে দেন মুগ্ধতার আবেশ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে গত শুক্রবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলা চত্বর হয়ে ওঠে লোকে লোকারণ্য। ফেনী সদর, পরশুরাম ও দাগনভূঁঞা পৌরসভায় নবনির্বাচিত তিন মেয়রের সংবর্ধনা ও মাস্টার নুরুল হক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সবার কাছে আকর্ষণীয় ছিল দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান।মঞ্চে উঠে রুনা লায়লা স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের। গেয়ে ওঠেন ‘দেশের জন্য যাঁরা দিয়ে গেছে প্রাণ, ভুলিনি আমরা তোমাদের’। এরপর একে একে শোনান ‘যখন থামবে কোলাহল’, ‘ইস্টিশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা’, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না’, ‘যে জন প্রেমের ভাব জানে না’, ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’সহ জনপ্রিয় বেশ কয়েকটি গান। অনুষ্ঠান উপস্থাপনা করেন চলচ্চিত্র অভিনেতা আহম্মদ শরীফ। এ ছাড়া নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী মুন্নীও গেয়ে শোনান কিছু গান।সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, পরশুরামের মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী ও দাগনভূঁঞার মেয়র ওমর ফারুক খানকে সংবর্ধনা দেওয়া হয়।ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন আহম্মদ চৌধুরী। বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা সহদেব বৈদ্য, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম প্রমুখ।