ফেনী মাতিয়ে গেলেন হায়দার হোসেন জেমস ও মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে গানে ফেনী মাতিয়ে গেলেন কণ্ঠশিল্পী হায়দার হোসেন, ব্যান্ডশিল্পী জেমস ও মিলা। ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তিতে গত শুক্র ও শনিবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রথম দিন শুক্রবার সকাল থেকে চলে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নাচের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর মঞ্চে আসেন কণ্ঠশিল্পী হায়দার হোসেন। তিনি গেয়ে শোনান ‘স্বাধীনতা তুমি’, ‘জন্মভূমি’সহ বেশ কিছু গান। ব্যান্ডশিল্পী জেমস মঞ্চে আসার সঙ্গে সঙ্গে হাজারো দর্শক দুই হাত তুলে তাঁকে স্বাগত জানায়। তাঁর ‘দুষ্ট ছেলের দল’ ‘গোপনে প্রিয়ার কাছে প্রেমের পত্র পাঠায়’, ‘দিওয়ানা দিওয়ানা আমি তোমার মাস্তানা’, ‘বাদলা হাওয়া’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘ভিগি ভিগি রাতে’ এবং মিলার ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ গানের সঙ্গে চলে দর্শকদের নাচ। অনুষ্ঠানে অংশ নিতে প্রায় তিন হাজার নবীন-প্রবীণ শিক্ষার্থী নাম নিবন্ধন করে। মাঠে নিবন্ধনকৃত শিক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশ ছিল নিষিদ্ধ। কিন্তু সন্ধ্যার পর বাইরের দর্শকদের ঠেকানো সম্ভব হয়নি।