ফেনী সদর হাসপাতাল শয্যা ১০০, রোগী ২৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী আধুনিক সদর হাসপাতাল বর্তমানে ১০০ শয্যার হলেও প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে ২৫০ জন। বহির্বিভাগে গড়ে প্রতিদিন সহস্রাধিক রোগী আসে চিকিৎসার জন্য। হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৪২ জন চিকিৎসকের পদ থাকলেও ১২টি পদ শূন্য। ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি এবং অটোক্যাব যন্ত্র বেশ কিছু দিন থেকে নষ্ট। পরিচ্ছন্নতাকর্মী ও চতুর্থ শ্রেণীর (এমএলএসএস) পদে জনবল নেই বললেই চলে। পয়োনিষ্কাশনব্যবস্থা অনেকটাই নাজুক। শৌচাগারগুলো দুর্গন্ধের কারণে ব্যবহারই করা যায় না। হাসপাতাল সূত্র জানায়, জেলা হাসপাতাল হলেও যোগাযোগব্যবস্থার কারণে ফেনী ছাড়াও চট্টগ্রামের মিরসরাই, উত্তর ফটিকছড়ি, পার্বত্য খাগড়াছড়ির রামগড়, নোয়াখালীর সেনবাগ ও কোম্পানীগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটের রোগীও এ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। আগে হাসপাতালটি ৫০ শয্যার ছিল। পরে আরও ৫০টি শয্যা যোগ করা হয়েছে। কিন্তু রোগী থাকে প্রতিদিন গড়ে ২৫০ জন। হাসপাতালের বিভিন্ন বিভাগে পরামর্শক চিকিৎসক থাকলেও স্বাস্থ্য কর্মকর্তার ১২টি পদ শূন্য। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সহস্রাধিক রোগীর কষ্টের পাশাপাশি চিকিৎসকদেরও হিমশিম খেতে হয়। ওয়ার্ড মাস্টারের দুটি পদের মধ্যে একটি শূন্য। সেবা তত্ত্বাবধায়ক নেই অনেক দিন, সাতজন সেবিকাকে অন্যত্র প্রেষণে দেওয়া হয়েছে। চারজন ওয়ার্ড বয়ের মধ্যে তিনটি পদ শূন্য এবং দীর্ঘদিন হাসপাতালে ডোম নেই। একজন বেসরকারি লোক দিয়ে ডোমের কাজ চলছে। রোগীদের সাহায্য সহানুভূতিতে তাঁর সংসার চলে। ১৬ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে আছেন মাত্র দুজন। ঝাড়ুদারের ২০টি পদের মধ্যে আছেন মাত্র একজন। হাসপাতালের একমাত্র আবাসিক স্বাস্থ্য কর্মকর্তার (আরএমও) বাসা ছাড়া আর কোনো কর্মকর্তা কর্মচারীর বাসা নেই। গত রোববার সরেজমিনে হাসপাতালে গেলে মোতালেব নামে এক শিশুর অভিভাবক অভিযোগ করেন, ‘ওয়ার্ডের শৌচাগারের অবস্থা এতটাই খারাপ যে সেখানে যাওয়া আদৌ সম্ভব নয়। দুর্গন্ধে টেকা দায়। ওষুধপত্র বাইরে থেকে কিনতে হয়। গরিব বলে সরকারি হাসপাতালে এসেছি। তা না হলে ছেলেকে নিয়ে ক্লিনিকে চলে যেতাম।’ তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালে সকাল সন্ধ্যা দালালের উৎপাত লেগেই আছে। অপর এক রোগী অভিযোগ করেন, বেশ কয়েকজন চিকিৎসক নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে হাসপাতালে আসেন এবং দুপুর একটার আগেই চলে যান। রোগীদের অভিযোগ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসিনা বেগম সরাসরি অস্বীকার করে প্রথম অলোকে বলেন, চিকিৎসকেরা সময়মতো আসেন এবং সময়মতোই যান। কর্মচারীসংকট ও চিকিৎসার যন্ত্রপাতি নষ্ট থাকার কথা স্বীকার করে তিনি বলেন, বার বার লেখালেখির পরও কাজ হচ্ছে না। তবে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে ২০ জন লোক নিয়োগ করে হাসপাতালের জরুরি কাজ চলছে। তা ছাড়া ফেনী সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের জন্য ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী অর্থবছরে এটি চালু করা যাবে বলে আশা করা যায়।