ফেনীকে আধুনিক পৌরসভায় রূপান্তর করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী বলেছেন, তিনি ফেনীকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করতে চান। এ কাজে তিনি পৌর পরিষদ ছাড়াও দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন।প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকালে তিনি ফেনী পৌরসভার উন্নয়ন ও সৌন্দর্য বাড়াতে নানা প্রকল্প ও পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শহরের মহিপাল থেকে ট্রাংক রোড হয়ে সদর হাসপাতাল পর্যন্ত এবং লালপুল থেকে সালাউদ্দিন উচ্চবিদ্যালয় মোড় পর্যন্ত সড়কে বিভাজক (ডিভাইডার) তৈরি করা হবে। মিজান সড়কের পশ্চিম মাথায় দৃষ্টিনন্দন ফোয়ারা তৈরি করা হবে। পৌরসভার প্রধান প্রধান সড়কের ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে ট্রাংক রোডের ৫৫ জন হকারকে জেল সড়কে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌর এলাকায় পৌরসভার বা সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত সব স্থাপনা এবং পৌর কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে গড়ে তোলা স্থাপনা ভেঙে দেওয়া হবে। বিশেষ করে শহরের কেন্দ্রস্থল রাজাঝির দীঘির পাড়ে নির্মিত টং ঘর ভেঙে দিয়ে সৌন্দর্য বাড়ানো হবে। তিনি আরও বলেন, প্রভাবশালী লোকজনই জবরদখল করে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। যত প্রভাবশালীই হোক, তাঁদের আইনের আওতায় আনতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ফেনীর তিন বারের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীকে আমরা সম্মান করি। তিনিও পৌর কর্তৃপক্ষের কোনো অনুমোদন না নিয়ে তাঁর বাসভবনের পাশে একটি সুউচ্চ ইমারত (অডিটরিয়াম) নির্মাণ করছেন। ইতিমধ্যে কাজ বন্ধ করে সেটি ভেঙে ফেলতে বলা হয়েছে। নয়তো পৌর কর্তৃপক্ষ পরবর্তীকালে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবে। নিজাম হাজারী বলেন, পৌরসভার প্রধান প্রধান সড়কের পাশে নিয়নবাতি (সোডিয়াম লাইট) স্থাপন করা হবে। শহরে আধুনিক ট্রাফিক সংকেত (সিগনাল) স্থাপন করা হবে। পৌর মেয়র বলেন, এখন থেকে ফেনী পৌরসভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সব ধরনের নাগরিক সুবিধা বিনা মূল্যে দেওয়া হবে। পৌর এলাকায় আধা পাকা টিনের ছাউনিগুলোর পৌরকর মাফ এবং কর বৈষম্য দূর করা হবে।