ফেনীতে আইনগত সহায়তা দিবস পালিত
ফেনীতে সভা, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান, আইন সহায়তা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গত সোমবার আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এতে আর্থিকভাবে অসচ্ছল মানুষকে সরকারি খরচে আইনগত সহায়তা-
দানের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে এ উপলক্ষে সোমবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং আইন সহায়তা মেলা। বিকেলে জেলা জজ আদালত চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ্্। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মফিজুল ইসলাম খোন্দকার, ফেনীর বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মাহমুদুন নবী, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, সিভিল সার্জন মো. জাকির হোসেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক, জ্যেষ্ঠ আইনজীবী মো. ইব্রাহিম ভূঞা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এস এম আনোয়ারুল করিম প্রমুখ।
বক্তারা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের অভাবের দিকটি তুলে ধরেন। এ ক্ষেত্রে সরকারের যে বিনা খরচে আইন সহায়তার ব্যবস্থা করেছে, তা প্রচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা। সভায় জেলার সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া সন্ধ্যায় আদালত চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র ও নাটক প্রদর্শন করা হয় ।