ফেনীতে ইয়াং টাইগার স্কুল ক্রিকেট পশ্চিম বিজয় সিংহ বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াং টাইগার স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ফেনী সদর উপজেলার পশ্চিম বিজয় সিংহ উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ফেনী সরকারি পাইলট হাইস্কুল রানার্সআপ হয়েছে।

৮ ফেব্রুয়ারি ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ও প্রাইম ব্যাংকের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত খেলায় পশ্চিম বিজয় সিংহ উচ্চবিদ্যালয় স্কুল ৬ উইকেটে ফেনী সরকারি পাইলট হাইস্কুলকে পরাজিত করে। ফেনী সরকারি পাইলট হাইস্কুল প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। জবাবে মাঠে নেমে পশ্চিম বিজয় সিংহ উচ্চবিদ্যালয় চার উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (এডিএলজি) আবু দাউদ মো. গোলাম মোস্তফা, প্রাইম ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মো. রমজান আলী শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ অন্যান্য কর্মকর্তা।

গত ২৫ জানুয়ারি জেলার ৮টি স্কুলের ক্রিকেট দল নিয়ে ফেনীতে ইয়াং টাইগার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল।