ফেনীতে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা
‘পথে পথে মিছিলের প্রতিরোধ, জনতার ঐক্য গড়ছি’—এমন স্লোগানে ১৭ মার্চ ফেনীতে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয় সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।
শহরের মিজান রোডে জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে এ গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চারটি বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
তাঁদের মধ্য থেকে চার বিভাগের ২১ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রস্তুতি পরিষদের সদস্যসচিব শিখা সেনগুপ্তার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা লালন একাডেমির সভাপতি মোহাম্মদ উল্যাহ, আবদুল হক চৌধুরী কলেজের প্রভাষক মিজানুল হক, দোস্ত মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দত্ত, জাতীয় গণসংগীত প্রতিযোগিতার প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মো. মোমেনুল হক প্রমুখ।
গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক ছিলেন জেলা উদীচীর সভাপতি রায়হান খান, সহসভাপতি মৌসুমি সোম ও নাট্য বিভাগীয় সম্পাদক রিপন পাল।