ফেনীতে ২২ ডিসেম্বর ১৭৭ জন কৃষকের মধ্যে চারটি ব্যাংক ৫৭ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করেছে। ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংক এই ঋণ বিতরণ করে।
ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সোনালী ব্যাংক ছাগলনাইয়া শাখা ৫২ জন কৃষককে ১২ লাখ ৪২ হাজার ৫০০ টাকা, ইসলামী ব্যাংক ছাগলনাইয়া শাখা ৫০ জন কৃষককে ১৫ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংক ছাগলনাইয়া শাখা ৩৫ জন কৃষককে ১৪ লাখ ২৪ হাজার টাকা বিতরণ করে।
এ ছাড়া জনতা ব্যাংক হাজীর বাজার শাখা ৪০ জন কৃষকের মধ্যে ১৪ লাখ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করেছে।
প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোদ্দার।
সোনালী ব্যাংক ফেনীর প্রিন্সিপাল অফিসের উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সাহার সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক কুমিল্লা অঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাজুল ইসলাম, ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্যাহ, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান জোদ্দার বলেন, কৃষকেরা এ ঋণ খাদ্যশস্য উৎপাদনের কাজে লাগিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবেন।