ফেনীতে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে আবদুল গফুর নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত সোমবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ হারুনুর রশিদ এ রায় দেন। তবে আসামি এখনো পলাতক।মামলার বিবরণে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার চর লামছি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আবদুল গফুর তাঁর স্ত্রী ছকিনা খাতুনকে বিভিন্ন সময় যৌতুকের জন্য নির্যাতন করতেন। ২০০৮ সালের ২ মার্চ রাতে গফুর তাঁর স্ত্রী ছকিনাকে মারধর করে একপর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ছকিনার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। তাঁকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। এরপর তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হয়ে ছকিনা নিজে বাদী হয়ে স্বামী আবদুল গফুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। ঘটনার পর থেকে স্বামী আবদুল গফুর পলাতক রয়েছেন।