ফেনীতে এলজিইডির অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর দপ্তরের অস্থায়ী (মাস্টার রোল) কর্মচারীরা গত মঙ্গলবার তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দাবিগুলো হচ্ছে—চাকরি স্থায়ীকরণ, অবিলম্বে ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী ভাতা পুনর্নিধারণ। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফেনীতেও এই কর্মসূচি পালন করা হয়। কর্মচারীরা জানান, সারা দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন থেকে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন। কিন্তু তাঁদের চাকরি আদৌ স্থায়ী হবে কি না-তা কেউ বলতে পারছেন না। ফেনী এলজিইডি-এর অস্থায়ী কর্মচারী মো. আবুল ফয়েজ ভূঁঞা হতাশা প্রকাশ করে জানান, তিনি গত ১৫ বছর অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছেন। এখন ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। একই রকম প্রতিক্রিয়া জানান, নয় বছর ধরে অস্থায়ী চাকরিরত কার্যসহকারী কাজী নজরুল ইসলাম ও ১০ বছর ধরে চাকরিরত রোলার চালক শহিদুল ইসলাম।