
জেনারেলদের কথাই আইন। এমনকি মেজর বা ক্যাপ্টেনের মতো নিচের সারির সামরিক কর্মকর্তাদের খেয়ালখুশিমতো চলছে বিচার-আচার। ভিন্নমতের মানুষজনকে লঘু পাপে দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ডের মতো শাস্তি। জার্মান কথাসাহিত্যিক ফ্রান্জ কাফকা রচিত ‘ইন দ্য প্যানাল কলোনি’ গল্পের পটভূমি অনেকটা এমনই। ১৯ জানুয়ারি সন্ধ্যায় ফেনীর দর্শকেরা দখল কাফকার এই গল্পটির বাংলা নাট্যরূপ। ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করে ফেনী থিয়েটার। কাফকার গল্পটি বাংলা অনুবাদ করেন প্রলয় সেন। গল্পের মূল ভাবনা অক্ষুণ্ন রেখেই নাট্যরূপ দেন রাশেদ মাযহার। নির্দেশনায় ছিলেন জেলা সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা এস এম টি কামরান হাসান।
নানা প্রতীক ও ইঙ্গিত ব্যবহার করেন বলে অনেক পাঠকের কাছে কাফকা খানিকটা দুর্বোধ্য। তাই তাঁর কাহিনি নিয়ে নাটক মঞ্চায়ন যেকোনো নাট্যদলের জন্য চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ ভালোভাবেই উতরে গেছে ফেনী থিয়েটার।
নাটকে নাৎসি জামানা ও হিটলারের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবু নাৎসি শাসনামলের ভীতিকর বিবরণ পাওয়া যায় এতে। নাৎসি জার্মানিতে সে সময় প্যানাল কলোনি নামের বন্দিশিবিরগুলোতে কী ঘটেছে, তা দেখেও শিউরে উঠতে হয়। কথায় কথায় মৃত্যুদণ্ডের মতো চরম সাজাই শেষ কথা নয় সেখানে। হত্যার আগে অনেক সময় বন্দীর চামড়াও তুলে নেওয়া হতো।
দ্বিতীয় মহাযুদ্ধের পরও ফ্যাসিবাদী শাসনের এই রূপ পৃথিবী থেকে মুছে যায়নি। বরং এই উপমহাদেশসহ বিশ্বের নানা প্রান্তে ডালপালা মেলেছে এমন জবরদস্তিমূলক শাসনব্যবস্থা। অনেক দর্শক স্বাধীনতা–পূর্ব ও স্বাধীনতা–উত্তর বাংলাদেশের সঙ্গেও মিল পেয়েছেন এই নাটক দেখে। একাত্তরে পাকিস্তানি জেনারেলদের নির্মমতা নাৎসিদের তুলনায় কম কিছু ছিল না।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবদুল্লাহ আল নোমান, আওলাদ হোসেন, মেহেদী হাসান, তাজুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, মোহাম্মদ হাসান, মাসুম ইবনে, ওমর ফারুকুজ্জামান, নাজমুল হাসান, আশরাফুল ইসলাম, তাহমিনা তোফা, তাসফিয়া ইসলাম, মাহাজ আবদুল্লাহ।
সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন নাটকটি উপভোগ করেন। নাটক শেষে জেলা প্রশাসক মো. আমিন উল আহসান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ফেনী থিয়েটার যে মাপের নাটক দর্শকদের উপহার দিয়েছে, তা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য।
প্রসঙ্গত, ফেনী থিয়েটারের ২৭ বছর পদার্পণ উপলক্ষে সংগঠনের নাট্যকর্মীরা এ নাটক মঞ্চস্থ করে।