প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি খাজা আহাম্মদের ৩৯তম স্মরণসভা ৩ জুন অনুষ্ঠিত হয়। ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ। এতে বক্তব্য দেন সাংসদ জাহান আরা বেগম, উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, সাংবাদিক আবু তাহের, বখতেয়ার ইসলাম প্রমুখ।
সভায় ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক জাতীয় বার্তার সম্পাদক এ কে এম সামছুল হককেও স্মরণ করা হয়। বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের কর্মময় জীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরে তরুণ সাংবাদিকদের তাঁদের পথ অনুসরণ করার আহ্বান জানান। উল্লেখ্য, প্রয়াত খাজা আহাম্মদ ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন।