ফেনীতে গণিত উৎসব ২৯ ডিসেম্বর
ফেনীতে আঞ্চলিক গণিত উৎসব ২৯ ডিসেম্বর। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সকাল আটটা থেকে শুরু হবে এ উৎসব। গত মঙ্গলবার থেকে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন শুরু হয়েছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে উৎসবে সহযোগিতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো। উৎসবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার তৃতীয় থেকে উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এবারও চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো: ক-প্রাথমিক (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী), খ-জুনিয়র (৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণী), গ-মাধ্যমিক (নবম ও দশম শ্রেণী) এবং ঘ-উচ্চ মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণী)। শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অথবা সরাসরি প্রথম আলো ফেনী আঞ্চলিক কার্যালয়ে (সুলতান ম্যানশন, ৩য় তলা, ট্রাংক রোড) এসে নাম নিবন্ধন করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা ফলাফল বিবরণী দেখাতে হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। শেষ সময় ২৬ ডিসেম্বর। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ: ০৩৩১-৬৩২৫৫, ০১৮১৮৭৪৩৯৩৮, ০১৮১২৭০২৩২৪ ও ০১৭১৬০৮৬৫৩৪।