ফেনীতে ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি
দুই পক্ষই পরস্পরকে সরকারের দালাল বলে অভিহিত করছেন। ঘোষণা দিচ্ছেন পাল্টাপাল্টি কমিটির। ফেনী জেলা ছাত্রদলে এখন এমনই অস্থিরতা বিরাজ করছে। গত জুলাই মাসে কেন্দ্রীয় ছাত্রদল ফেনী জেলা ছাত্রদলের তিন সদস্যের কমিটির ঘোষণা দেওয়ার পর থেকে দেখা দেয় বিরোধ।
ছাত্রদলের এক পক্ষের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তে তৃণমূলের মতামত উপেক্ষিত। আরেক পক্ষ বলছে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সরকার সমর্থকেরাই এই বিরোধের জন্ম দিয়েছে। জেলা ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কমিটি নগর, জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করলেই পাল্টা কমিটির ঘোষণা দিচ্ছে অপর পক্ষ। ফলে ছাত্রদলের এই বিরোধ ছড়িয়ে পড়ছে ওয়ার্ড পর্যায়েরও।
ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, গত ৪ জুলাই ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তিন সদস্যের ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে নঈম উল্যাহ চৌধুরী ওরফে বরাতকে সভাপতি, এস এম কায়সার ওরফে এলিনকে সহ-সভাপতি ও সালাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। এর কয়েক দিন পরই এস এম কায়সার পদত্যাগ করেন।
এরপর শহরের একটি মিলনায়তনে তৃণমূল কর্মী সম্মেলনের আয়োজন করে ছাত্রদলের একটি অংশ। ওই সম্মেলনে কেন্দ্র ঘোষিত কমিটিকে অবৈধ ও গঠনতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে জেলা ছাত্রদলের পাল্টা কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে মেজবাহ উদ্দিনকে সভাপতি ও এস এম কায়সারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।
এদিকে কেন্দ্র ঘোষিত ছাত্রদলের নতুন কমিটি ফেনী সদর থানা, পৌর শাখা ও ফেনী কলেজ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।
এর প্রতিক্রিয়া তৃণমূল ছাত্রদল বলে পরিচয় দেওয়া মেজবাহ-কায়সার কমিটিও কর্মী সম্মেলনের আয়োজন করে। ওই সম্মেলনে ফেনী সদর ও পৌর ছাত্রদলের পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ প্রসঙ্গে ছাত্রদলের এক পক্ষের সভাপতি মেজবাহ উদ্দিন নিজেকে তৃণমূল নেতা–কর্মীদের প্রতিনিধি বলে দাবি করেন। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কমিটির নেতারা সুবিধাবাদী ও সরকারি দলের অনুসারী।
অপরদিকে কেন্দ্র ঘোষিত জেলা কমিটির সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বলেন, যাঁরা তৃণমূল নেতা–কর্মীদের নাম ভাঙিয়ে সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাঁদের সংগঠনের নেতা বলা যাবে না। তাঁরা সরকারি দলের পক্ষেই কাজ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একাধিক নেতা–কর্মী দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে হতাশ ও ক্ষুব্ধ। তাঁদের কোনো পক্ষই সংগঠনের ভালো চান না। তাঁরা চান না সরকারবিরোধী আন্দোলন চাঙা হোক।
ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, সরকারবিরোধী আন্দোলন চাঙা করার পরিবর্তে যাঁরা নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে মাঠে নেমেছেন, তাঁরা ছাত্রদলের নেতা–কর্মী হতে পারেন না। বিষয়টি বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে।