‘এ-গাঁও যেন ফাঁকা ফাঁকা, হেথায় হোথায় গাছ;/ গেঁয়ো চাষীর ঘরগুলি সব দাঁড়ায় তারি পাছ / ও-গাঁয় যেন জমাট বেঁধে বনের কাজল কায়া,/ ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় বনের মায়া।’ কবি জসীমউদ্দীনের এই অমর পঙ্ক্তি শুনতে শুনতে ফেনীর দর্শকেরা মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। ৯ ডিসেম্বর ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আবৃত্তিসন্ধ্যায় চট্টগ্রামের ‘তারুণ্যের উচ্ছ্বাস’–এর আবৃত্তিশিল্পীরা ‘নক্সী কাঁথার মাঠ’ শুনিয়ে মুগ্ধ করলেন দর্শকদের। তারুণ্যের উচ্ছ্বাসের এক দশক পূর্তি উপলক্ষে এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন ফেনী-১ আসনের সাংসদ শিরিন আকতার। অতিথি ছিলেন ফেনীর সংরক্ষিত আসনের নারী সাংসদ জাহান আরা বেগম, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্্কাম উল্লাহ, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সমরজিৎ দাশ ও আবৃত্তি সমন্বয় পরিষদের কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়া। তারুণ্যের উচ্ছ্বাস ছাড়াও অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ফেনীর পুবালি সাংস্কৃতিক কেন্দ্র, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র ও আবৃত্তি সংসদ, ফেনী।
একক আবৃত্তি পরিবেশন করেন শুভ্রজিৎ ভট্টাচার্য, সমরজিৎ দাশ, অঞ্চল চৌধুরী, কাজী মাহতাব, মিলি চৌধুরী, মাসুম আজিজুল, মনির হোসেন, রাশেদ মাযাহার, মো. মুজাহিদুল ইসলাম, শ্রাবণী দাশগুপ্তা সেঁজুতি দে।
সবশেষে ছিল মো. মুজাহিদুল ইসলামের নির্দেশনায় কবি জসীমউদ্্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’–এর পরিবেশনা।