ফেনীতে তীব্র লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিদ্যুতের লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ থাকছে গড়ে মাত্র আট ঘণ্টা। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, জেলায় বিদ্যুতের চাহিদা ৫৮ মেগাওয়াট, কিন্তু পাওয়া যায় গড়ে ২০ মেগাওয়াট। ফলে লোডশেডিং অনিবার্য হয়ে পড়ে।ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, জেলার ছয়টি উপজেলায় তাদের দিনের বেলায় চাহিদা ৩৩ মেগাওয়াট, কিন্তু পাওয়া যায় মাত্র ১০ মেগাওয়াট। আবার সন্ধ্যায় চাহিদা ৪৫ মেগাওয়াট, পাওয়া যায় ২০ মেগাওয়াট। রাত ১১টার পরপর চাহিদা ৩৮ মেগাওয়াট হলেও পাওয়া যায় ১৮ মেগাওয়াট। ফলে প্রতি এক ঘণ্টা পর দুই ঘণ্টা লোডশেডিং করতে হয়। পিডিবি সূত্র জানায়, ফেনী শহর ও বসুরহাটে পিডিবির বিদ্যুতের চাহিদা ২৫ মেগাওয়াট। পাওয়া যায় দিনে নয় ও সন্ধ্যায় ১৬ মেগাওয়াট। আর রাত ১১টার পর ছয় থেকে সাত মেগাওয়াট।পরশুরামের আবুল হাসেম নামে এক গ্রাহক অভিযোগ করেন, দিনে-রাতে মিলিয়ে এখানে দুই থেকে তিন ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। এতে সন্ধ্যায় ছেলেমেয়েদের লেখাপড়ায় অসুবিধা হয়।একই অভিযোগ করেন ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকার গ্রাহক মোস্তাফিজুর রহমান, সোনাগাজীর চর গণেশ গ্রামের কবির আহম্মদ, ফুলগাজীর আনন্দপুর গ্রামের জাফর আহম্মদ, দাগনভূঞার রাজাপুরের গ্রাহক হারুনুর রশিদও। তাঁরা জানান, দিনের বেলায় বিদ্যুৎ না থাকলেও কোনো রকমে চালিয়ে নেওয়া যায়। কিন্তু সন্ধ্যায় বিদ্যুৎ না থাকলে ভোগান্তি বাড়ে। তার ওপর এখন প্রচণ্ড গরম। মুহুরীগঞ্জ এলাকার বাসিন্দা এইচএসসি পরীক্ষার্থী শহীদ উল্লাহ বলেন, গত ১৫ দিনে সন্ধ্যায় গড়ে এক ঘণ্টাও বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসে গভীর রাতে। কিন্তু তখন তো ঘুমানোর সময়।এদিকে, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ফেনীর চাড়িপুর ও ছাগলনাইয়ার নিজকুঞ্জরা বিসিক শিল্পনগরেও উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন কারখানা মালিকেরা। চাড়িপুর বিসিক শিল্পনগরের হীরা বিস্কুট কারখানার পরিচালক আনোয়ার হোসেন ভূঁঞা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে কারখানার কাঁচামাল নষ্ট হচ্ছে। এতে উৎপাদন কমে যাচ্ছে, আর্থিক ক্ষতির মুখে পড়ছে প্রতিষ্ঠান। লোডশেডিংয়ের কারণে এখন রাতে অনেকেই কারখানা বন্ধ রাখেন। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) মো. সাদেক জামান জানান, ফেনী উপকেন্দ্রে পাঁচটি ফিডারের মধ্যে এক সঙ্গে দুটির বেশি চালানো যায় না। ফুলগাজী ও পরশুরামে তিনটি ফিডারের মধ্যে চালাতে হয় একটি করে। ছাগলনাইয়ায় চারটি ফিডারে দুই ঘণ্টা পর এক ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হয়। সোনাগাজীর তিনটি ফিডারের মধ্যে চালু রাখা যায় একটি। এ ছাড়া ফেনী সদরের কসবা উপকেন্দ্রে চারটি ফিডার দুই ঘণ্টা পর পর চালানো হয়। ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন বলেন, চাহিদা অনুপাতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে খুব কম। তা ছাড়া রাতে সেচের জন্য গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হয়। এদিকে, সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত অফিস ফিডারগুলো চালু রাখার চেষ্টা করা হয়। ফলে আবাসিক গ্রাহকদের একটু অসুবিধা হয়।