ফেনীতে দুর্লভ ও আমদানি করা ঔষধি উদ্ভিদের চাষাবাদ শীর্ষক কর্মশালা
কিছু ঔষধি উদ্ভিদ দুর্লভ হলেও বাংলাদেশে চাষাবাদের মাধ্যমে উৎপাদন করা সম্ভব। অথচ এসব দুর্লভ ঔষধি উদ্ভিদ আমদানিতে অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এগুলো দেশে উৎপাদন করতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব।
গত বুধবার ফেনীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বাংলাদেশে দুর্লভ ও আমদানি করা ঔষধি উদ্ভিদের চাষাবাদ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতির সভাপতি হাকিম সাঈদ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেনী ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সালমা সিদ্দিকা, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঞা, বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ফেরদৌস ওয়াহিদ, ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশন ফেনী শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন, ফেনী প্রেসক্লাব সভাপতি রবিউল হক।