ফেনীতে নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব গত শুক্রবার থেকে শুরু হয়েছে। উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় ঢাকার সুবচন নাট্য সংসদের ৩৩তম প্রযোজনা মহাজনের নাও দর্শকদের মুগ্ধ করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক কামরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন ফেনী শিল্পকলা একাডেমীর সদস্য সচিব হুমায়ুন কবির ।প্রথম দিনে সৈয়দ শামসুল হক রচিত এবং আতাউর রহমানের নির্দেশনায় নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে অপেক্ষমাণ। দ্বিতীয় দিন সন্ধ্যায় শাকুর মজিদ রচিত ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় সুবচন নাট্য সংসদ মঞ্চস্থ করে মহাজনের নাও। নাটকটিতে বাউল সাধক শাহ আবদুল করিমের সারা জীবনের সাধনা এবং সৃষ্টিকর্তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে।এ ক্ষেত্রে দেহতত্ত্বকে প্রাধান্য দিয়ে তিনি অনেক গান লিখেছেন। তিনি নৌকাকে দেহের রূপক হিসেবে দেখেছেন। নিজেকে ভেবেছিলেন যেন কোনো এক মহাজনের কাছ থেকে ধার পাওয়া এক নৌকা। যে নৌকার মালিক তিনি নন, কোনো রকমে চালিয়ে কোনো এক ‘সোনার গাওয়ে’ পৌঁছানোর দায়িত্ব তাঁর। জীবনসায়াহ্নে এসে তাঁর নাও কোন গাঁওয়ে ভিড়ছে, সে শুধু তার মহাজন জানেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুল হক, ইমরান হোসেন, রূপা নাসরিন, মেহেদী হাসান সোহাগ, আহম্মেদ গিয়াস, আমিরুল ইসলাম, আসাদুল ইসলাম, আনসার আলী, সাইফুল ইমাম, মনিরুল হোসেন প্রমুখ।