জেলা শিশু একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী নানা আয়োজনে ফেনীতে উদ্যাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। ১৮ অক্টোবর সকালে জেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা পরিষদের নাট্যাচার্য সেলিম আল দীন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফেনী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ ও কবি ইকবাল চৌধুরী। শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরদিন সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিশুদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০ অক্টোবর শেষ দিন জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।—ফেনী অফিস