গানে গানে ফেনীর সুন্দরপুর গ্রাম মাতালেন ক্লোজআপ তারকা নিশীতা বড়ুয়া। ১২ নভেম্বর সন্ধ্যায় ফেনীর বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো দর্শকের সামনে গান পরিবেশন করেন তিনি।
সম্মেলন উপলক্ষে সুন্দরপুর গ্রামের সফিকুর রহমান(এসআর) উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিশীতা মঞ্চে উঠেই পরিবেশন করেন দেশের গান ‘দুচোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য’ গানটি। দর্শকদের একে একে শোনালেন বেশ কয়েকটি গান। দর্শকদের অনুরোধে পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড সংগীত ‘তোমার ঘরে বসত করে কয় জনা’। এরপর একে একে গাইলেন, ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’, ‘নিশিতে যাইও ফুলবনে’, ‘বন্ধু তোমায় মনে পড়ে’।
‘আরে মনের ব্ল্যাক টিভিতে কালার লাগালি, রিমোট দিয়ে নতুন চ্যানেল দেখালি’—এই গান গেয়ে দর্শক-শ্রোতাদের আনন্দ দিয়েছেন তিনি। আসর জমে ওঠে তাঁর গাওয়া ‘মরার কোকিলে’ এবং ‘সুন্দরী কমলা’ গান দুটি পরিবেশনের পর। বাংলার পাশাপাশি দর্শকদের অনুরোধে হিন্দি গানও করেন তিনি। অনুষ্ঠানে নিশীতা ছাড়াও গান করেন শিল্পী সালমা, কামাল ও প্রিয়াঙ্কা।