ফেনীতে নয় বছরেও চালু হয়নি তিন কোটি টাকার সুইমিং পুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিং পুল নয় বছরেও চালু হয়নি, অব্যবহূত পড়ে আছে। নির্মাণের পর এটিতে সাঁতার তো দূরের কথা পানিও পড়েনি। সুইমিং পুল এলাকা পরিণত হয়েছে গো-চারণ ভূমি আর বখাটেদের আড্ডাখানায়। একাধিক সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় ক্রীড়া পরিষদ ফেনী সুইমিং পুল নির্মাণের জন্য ১৯৯৭ ও ২০০১ সালে দুই দফায় মোট দুই কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়। প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয় এক কোটি ৯৯ লাখ ৮৩ হাজার টাকা। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ দেওয়া হয় ৫১ লাখ ৯৭ হাজার টাকা। প্রথম পর্যায়ে ফেনীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরামুল হক কাজটি করেন। দ্বিতীয় পর্যায়ে কাজ করে প্রয়াত ক্রীড়াসংগঠক খায়রুল আনোয়ারের প্রতিষ্ঠান। সূত্র আরও জানায়, সুইমিং পুলের স্থান নির্বাচন করা হয় ফেনী শহরের দক্ষিণ-পূর্বাংশে দাউদপুর সেতুর পাশে ফেনী মৌজায়। সেখানে প্রায় ৪৫ লাখ টাকায় তিন একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর প্রথম পর্যায়ের কাজ শেষে দ্বিতীয় পর্যায়ে টাইলস ফিটিং, সোডিয়াম বাতি ও গভীর নলকূপ স্থাপন করা হয়। কিন্তু ২০০২ সালে কাজ শেষ হওয়ার পরও সুইমিং পুলটি নানা কারণে জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করা যায়নি। ফলে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এদিকে, চুরি যাওয়ার ভয়ে গভীর নলকূপের মোটরটি ভাষাশহীদ সালাম স্টেডিয়ামের কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে। নির্মাণের পর ২০০৬ সালের মধ্যে সুইমিং পুলের কার্যালয়, বিশ্রামাগার, প্রসাধন কক্ষের দরজা-জানালা বখাটেরা ভেঙে ফেলে। এমনকি টাইলস ও বৈদ্যুতিক চাবির বোর্ডসহ সব ভেঙে তছনছ করা হয়। তখন সুইমিং পুলটি ছিল সম্পূর্ণ অরক্ষিত। দিন-রাত মাদকসেবী ও বখাটেদের আড্ডা চলত। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রায় ১২ লাখ টাকা খরচ করে সুইমিং পুলের দরজা-জানালা, টাইলস মেরামত ও রং করা হয়। তখন সুইমিং পুলটি দেখভালের জন্য দুজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। সুইমিং পুলের দুটি ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। যাতে বখাটেরা ভেতরে ঢুকতে না পারে। কিন্তু তাতে কাজ হয়নি। বখাটেদের আড্ডা বন্ধ করা যায়নি। অতি সম্প্রতি বখাটেরা একটি ফটকের একাংশ ও ভবনের দুটি জানালার কাচ এবং ভেতরে দুটি স্থানে বেশ কয়েকটি টাইলস ভেঙে দিয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রাধেশ্যাম পাল প্রথম আলোকে বলেন, জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ফেনী প্রতিযোগীরা অংশ নিয়ে থাকে। তাঁদের নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে বিভিন্ন পুকুরে সাঁতার অনুশীলন করতে হচ্ছে। তিনি জানান, সুইমিং পুলটি চালু করে স্থানীয় সাঁতারুদের প্রশিক্ষণের উদ্যোগ নিলে তাঁরাও জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে। সুইমিং পুলের তত্ত্বাবধায়ক মো. কামাল উদ্দিন বলেন, প্রতিদিন বিকেল থেকে বখাটেদের উৎপাত শুরু হয়। ইতিমধ্যে একটি ফটক বখাটেরা ভেঙে ফেলেছে। বর্তমানে ভাঙা ফটক দিয়ে গরু ছাগল ঢুকে পড়ে। এ ছাড়া বখাটে যুবকেরা ঢিল মেরে দুটি জানালার কাচও ভেঙে দিয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন ওরফে বাহার সুইমিং পুলটি অব্যবহূত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকা এবং ফটক ও জানালার কাচ ভাঙার সত্যতা স্বীকার করে বলেন, সংস্থার আগামী সভায় সুইমিং পুলটি কীভাবে চালু করা যায় সে ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান বলেন, ‘সুইমিং পুলটি অচিরেই চালু করা হবে। বখাটে ও মাদকাসক্ত লোকজনের বিরুদ্ধে পুলিশি অভিযান চলবে।’