ফেনীতে পাঁচ গুণী সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত, যাত্রা, যন্ত্রসংগীত ও সাহিত্যে অবদান রাখার জন্য ফেনীর পাঁচ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা শিল্পকলা একাডেমি। ২৩ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন সংগীতে উষা রঞ্জন চক্রবর্তী, যন্ত্রসংগীতে মানিক লাল নাথ, যাত্রাশিল্পে পরিমল বিকাশ দাস, আবৃত্তিতে আইনুল কবীর ও সাহিত্যে হুমায়ুন কবীর। অনুষ্ঠানে তাঁদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
সম্মাননা পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘দীর্ঘদিন সাহিত্য চর্চা করেছি, কোনো সম্মাননা বা পদকের আশায় নয়। তবে এভাবে সম্মানিত করায় আমি গর্ববোধ করছি। এ জন্য জেলা প্রশাসনসহ আয়োজকদের ধন্যবাদ প্রাপ্য।’
জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা এফ এম টি কামরান হাসান বলেন, ফেনী শিল্পকলা একাডেমি গত বছর থেকে গুণীজন সম্মাননা প্রদান প্রচলন শুরু করেছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করাই এর লক্ষ্য।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বর্তমান সরকার শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সব জেলায় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীদের পর্যায়ক্রমে সংবর্ধনা দেওয়া হবে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।