ফেনীতে পাঁচ দিনের নাট্যোৎসব কাল শুরু
ফেনীতে ‘মানবতার ছোঁয়ায় ভেসে যাক সাম্প্রদায়িকতা’ স্লোগানে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। ভাষা আন্দোলনের ৬০ বছর, স্বাধীনতার ৪০ বছর পূর্তি ও ফেনী থিয়েটারের ২২ বছর পূর্তি উপলক্ষে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যায় নাটক প্রদর্শিত হবে। উৎসবে অংশ নেবে ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায়, পদাতিক নাট্য সংসদ, সুবচন নাট্যদল ও সেন্টার ফর এশিয়ান থিয়েটার। এ ছাড়া ফেনী থিয়েটারের নিজস্ব প্রযোজনায় একটি নাটক মঞ্চস্থ হবে।উৎসবের প্রথম দিন সন্ধ্যায় নাগরিক নাট্য সম্প্রদায় সৈয়দ শামসুল হক রচিত ও আতাউর রহমান নির্দেশিত নাটক অপেক্ষমাণ মঞ্চায়ন করবে। ১০ মার্চ সুবচন নাট্য দল মঞ্চায়ন করবে শাকুর মজিদ রচিত ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটক মহাজনের নাও। ১১ মার্চ পদাতিক নাট্য সংসদ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং দেবাশীষ ঘোষ কর্তৃক নাট্যরূপ ও নির্দেশনায় সে নাটক মঞ্চায়ন করবে। ১২ মার্চ আবদুল্লাহ আল-মামুন রচিত ও আহসান রেজা নির্দেশিত সেনাপতি নাটক মঞ্চস্থ করবে সেন্টার ফর এশিয়ান থিয়েটার। ১৩ মার্চ উৎসবের সমাপনী দিনে ফেনী থিয়েটার মঞ্চস্থ করবে আবদুল্লাহ্ আল মামুন রচিত ও আনোয়ার হোসেন নির্দেশিত নাটক বৌদির বিয়ে।উৎসব উপলক্ষে গত শনিবার উদ্যাপন কমিটি সংবাদ সম্মেলন করে। এতে আহ্বায়ক কামরুল আলম ও সদস্য সচিব রাশেদ মাযহার ফেনী উৎসব সফল করার জন্য প্রশাসন, সাংস্কৃতিক কর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।