ফেনীতে পাঁচ দিনের নাট্যোৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব গত মঙ্গলবার রাতে শেষ হয়েছে। ফেনী থিয়েটারের আয়োজনে শহরের, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৯ মার্চ থেকে ১৩ মার্চ রাত পর্যন্ত এ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়।উৎসবের চতুর্থ দিন ঢাকার সেন্টার ফর এশিয়ান থিয়েটার তাদের সেনাপতি নাটক মঞ্চস্থ করে। নাটকে দেখা যায়, আলাদীনের আশ্চর্য প্রদীপের মতোই একটি জ্বলন্ত হারিকেন নিয়ে হঠাৎ আবির্ভূত হন আব্বাস উদ্দিন তালুকদার নামে এক ব্যক্তি। তিনি প্রথম পরিচয়েই তাঁর ছলচাতুরী দিয়ে এক শিল্পপতিকে কথার মায়াজালে মুগ্ধ করেন এবং তার মন জয় করে নেন। ধীরে ধীরে তিনি এতই প্রভাবশালী হয়ে ওঠেন যে—একদিন ওই শিল্পপতির মেয়ে এবং তাঁর জামাইকেও বাড়ি থেকে বের করে দিতে সক্ষম হন। এভাবে সে তার কারখানার শ্রমিকদের একাংশের মধ্যে অবস্থান নিয়ে শ্রমিকদের মধ্যে মারামারি, দলাদলি ও বিভেদ সৃষ্টি করেন। সবকিছুই ঘটে যায় শিল্পপতির অজান্তে। শ্রমিকদের বিভেদ ও সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। আবদুল্লাহ আল মামুন রচিত এই নাটকের ঘটনা এভাবেই এগিয়ে যায়। পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আহসান রেজা খান। নির্দেশনা উপদেষ্টা ছিলেন কামাল উদ্দিন।উৎসবের শেষ দিন স্বাগতিক ফেনী থিয়েটার মঞ্চস্থ করে শৈলেন গুহ নিয়োগী রচিত ও আনোয়ার হোসেন রাজুর নির্দেশনায় নাটক বৌদির বিয়ে।