ফেনীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ১ মার্চ ফেনীতে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানানোর মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এই উপলক্ষে নিহত পুলিশ সদস্যদের পরিবারকেও সম্মাননা জানানো হয়।
পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, ১ জানুয়ারি সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো. রেজাউল হকসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা। এরপর বিভিন্ন থানা, কমিউনিটি পুলিশিং সদস্যরা স্মৃতিস্তম্ভে ফুল দেন।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় নিহত ফেনী জেলার বাসিন্দা সাত পুলিশের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এই সাত পুলিশ সদস্য হলেন পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন চৌধুরী, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল, কনস্টেবল আবু ইউছুপ, আবু বক্কর ছিদ্দিক, আবু তারেক, মো. জয়নাল আবদীন ও আবুল হাসেম।
পুলিশ সুপার মো. রেজাউল হকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) উক্য সিং, সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন, জুনায়েদ হোসেন, মো. আমিনুল ইসলাম, পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী, নিহত পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন চৌধুরীর মেয়ে নওশিন। শেষে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে ফুল, সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।