ফেনীতে পূবালীর নাটক ‘অহম তমসায়’
ফেনীর সাংস্কৃতিক সংগঠন পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে সংগঠনের ১৬তম প্রযোজনা নাটক অহম তমসায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়।আনন জামানের পাণ্ডুলিপি অবলম্বনে ও সত্যজিত দাসের নির্দেশনায় এ নাটকে কীভাবে মানুষ অন্যায় কাজে প্রলুব্ধ হয় এবং ক্ষমতার মসনদে থেকে কীভাবে একে অন্যের ওপর অন্যায়ভাবে অত্যাচার-নির্যাতন চালাতে পারে—তা বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।নাটকে দেখা যায়, এক নগরপিতার সমগ্র নগরে ছিল দোর্দণ্ড প্রতাপ। নিজেকে ঈশ্বরের মতোই ক্ষমতাধর মনে করতেন তিনি। মানুষের জীবন তাঁর কাছে ছিল তুচ্ছ, মূল্যহীন। হত্যা, ধর্ষণ, নৃশংসতাসহ নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত সেই নগরপিতার এমন অন্যায়-অত্যাচারে প্রশাসন নিশ্চুপ থাকে।কিন্তু কেন এমন হলেন ওই নগরপিতা? শৈশবে তাঁর বাবা থাকতেন অনেক দূরের কর্মক্ষেত্রে। এ অবস্থায় মায়ের উগ্র ও বেপরোয়া জীবন তাঁকে পীড়া দেয়। নানাভাবে প্রতিবাদ করেও কাজ না হওয়ায় ধীরে ধীরে নিজেও জড়িয়ে পড়েন অসামাজিক কাজে। এভাবে এক দিন তিনি প্রভাবশালী ও নগর পিতা বনে যান। নাটকে দেখানো হয়েছে, আমাদের চারপাশে প্রতিনিয়ত যা ঘটছে, তা অহম তমসায় নাটকের অন্ধকার নগরের মতোই। এতে অভিনয়ে ছিলেন পূবালীর নাট্যকর্মী সুজন রায়, নয়ন বণিক, শিপন, সায়েম, মন্দিরা, রাত্রি প্রমুখ।