ফেনীতে প্রতিবন্ধী শিশুকে নির্যাতন সৎমা গ্রেপ্তার
নয় বছরের শিশুটি বাকপ্রতিবন্ধী। প্রতিবাদ করতে পারে না। কাউকে বলতে পারে না কষ্টের কথা। যন্ত্রণায় হাসপাতালের বিছানায় শুয়ে শুধু কাতরাচ্ছে। নাম তার রেদোয়ান। সে শহরের ডাক্তারপাড়ার বাসিন্দা ও সৌদিপ্রবাসী রফিকুল ইসলামের ছেলে। বাবার অনুপস্থিতির সুযোগে শিশুটির ওপর তার সৎমা নির্মমভাবে নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, শিশুটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে অনেক ক্ষতচিহ্ন রয়েছে। সুস্থ হতে বেশ সময় লাগতে পারে।
শিশুটিকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ তার সৎমা ঝুমুর আক্তারকে গ্রেপ্তার করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিশুটির মা সামসুন্নাহারের সঙ্গে ২০০০ সালে শহরের ডাক্তারপাড়ার রফিকুল ইসলামের বিয়ে হয়। বনিবনা না হওয়ায় ২০০৬ সালে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ওই সময় শিশু রেদোয়ানকে তার নানার বাড়িতে নিয়ে যান তার মা। ইতিমধ্যে সামসুন্নাহারের অন্যত্র বিয়ে হলে তিনি ছেলেকে তার নানির কাছে রেখে যান।
অন্যদিকে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রফিকুল ইসলাম সৌদি আরব চলে যান। প্রায় ছয় মাস আগে তিনি দেশে এসে ঝুমুর আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে তাঁর প্রথম সংসারের বাকপ্রতিবন্ধী ছেলের কথা জানান এবং মাস দুয়েক আগে স্বামী-স্ত্রী দুজনে গিয়ে রেদোয়ানকে তার নানার বাড়ি থেকে ডাক্তারপাড়ার বাসায় নিয়ে আসেন। এর সপ্তাহ দুয়েক পর রফিকুল বিদেশে পাড়ি জমান। এরপর থেকেই ওই শিশুর ওপর নির্যাতন শুরু করেন ঝুমুর আক্তার।
শিশুটির মা সামসুন্নাহার জানান, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় তাঁর বোন (রেদোয়ানের খালা) কিছু জামাকাপড় নিয়ে ছেলেকে দেখতে যান ওদের ডাক্তারপাড়ার বাসায়। কিন্তু ওর সৎমা প্রথমে ছেলেকে দেখাতে চাননি। পরে জানান ছেলেটি অসুস্থ। এ পর্যায়ে ছেলেকে দেখার সুযোগ পেয়ে তার শরীরের বিভিন্ন অংশে অসংখ্য নির্যাতনের চিহ্ন দেখতে পায় তার খালা। পরে তিনি বোন সামসুন্নাহার ও ফেনী থানায় খবর দিলে পুলিশ এসে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রতিবন্ধী শিশুটিকে এভাবে নির্যাতনের অভিযোগে গত ২৭ নভেম্বর রাতে ঝুমুর আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সামসুন্নানাহার বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।