ফেনীতে বসতবাড়িতে চাষাবাদ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
ফেনীতে বসতবাড়িতে উদ্যান, ফসল চাষাবাদ ও ব্যবস্থাপনা কৌশল বিষয়ে কৃষকদের দুই দিনের এক কর্মশালা ফেনীর পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত হয়।
সমন্বিত মানসম্মত উদ্যান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ২১ সেপ্টেম্বর প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও একান্ত) মো. খলিল আজাদ।
এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী জেলার প্রশিক্ষণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
প্রশিক্ষক ছিলেন পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবদুর রশিদ। প্রশিক্ষণে দাগনভূঞা উপজেলার ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশ নেন।
তাঁদের আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মানসম্মত ফল ও সবজি উৎপাদন করে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো এবং বিষমুক্ত ফল ও সবজি উৎপাদন বিষয়ে ধারণা দেওয়া হয়।
দাগনভূঞা উপজেলার ধর্মপুর গ্রামের কৃষক মো. ইসমাইল ও চানপুর গ্রামের কৃষক খুরশিদ আলম জানান, তাঁরা আগেও বসতবাড়িতে নানা ধরনের শাকসবজি ও বিভিন্ন ফলের চাষাবাদ করেছেন। অনেক সময় ফলন রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করেছেন। এ প্রশিক্ষণে তাঁরা কীটনাশক ছাড়াই ফসল উৎপাদন ও তা রক্ষার কৌশল জানতে পেরেছেন।