ফেনীতে বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে চলতি মৌসুমে আমনের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এবং বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই। কারণ একটাই—বাজারে ধানের দাম কম।ফুলগাজী উপজেলার উত্তর জামমুড়া গ্রামের কৃষক সফিকুর রহমান জানান, তিনি দুই একর জমিতে উপশী জাতের ধান লাগিয়েছিলেন। ফলনও ভালো হয়েছে। এ বছর অন্য বছরের তুলনায় হাল, বীজ, সার এবং কীটনাশকের খরচ বেশি হয়েছে। তা ছাড়া রোপা (চারা) লাগানোর সময় মজুরের দাম ছিল আগের বছরের দ্বিগুণ। সব মিলিয়ে কোনো রকমে খরচটা পুষিয়ে নেওয়া যাবে। তবে লাভ হবে না। ফুলগাজী বাজারের একজন ধান ব্যবসায়ী জানান, বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। প্রতিমণ ৫৫০ থেকে ৫৬০ টাকা দামেই বেচাকেনা হচ্ছে। গত বছরও তাঁরা এ দামেই ধান কিনেছিলেন। তবে গতবারের তুলনায় এবার কৃষকের উৎপাদন খরচ বেশি হয়েছে, তাই লাভ পাওয়া যাচ্ছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি মৌসুমে ৬৭ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তার মধ্যে ৫৯ হাজার ৫৩৪ হেক্টর জমিতে উপশী জাতের এবং আট হাজার ১৬ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আবাদ করা হয়েছে ৬৯ হাজার ৬৬০ হেক্টর জমিতে। অর্থাৎ দুই হাজার ১১০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে।চলতি মৌসুমে ফেনী সদর উপজেলায় আমনের আবাদ হয়েছে ১৬ হাজার ৪৮০ হেক্টর, ছাগলনাইয়া উপজেলায় নয় হাজার ৫৫০ হেক্টর, ফুলগাজী উপজেলায় ছয় হাজার ৫০০ হেক্টর, পরশুরাম উপজেলায় ছয় হাজার হেক্টর, দাগনভূঁঞা উপজেলায় নয় হাজার ৯৮৫ হেক্টর এবং সোনাগাজী উপজেলায় ২১ হাজার ১৪৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এ বি ছিদ্দিক জানান, শুধু আমন ফসল আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রাই কৃষকেরা অতিক্রম করেননি, উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। চলতি বছর প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল উপশী জাতের ২ দশমিক ৭২ মেট্রিক টন চাল এবং স্থানীয় জাতের ধানে ১ দশমিক ৫৯ মেট্রিক টন চাল। ইতিমধ্যে জেলায় ২১ শতাংশ ফসল কাটা ও মাড়াই করা হয়েছে। তাতে উপশী জাতের ২ দশমিক ৯৫ মেট্রিক টন এবং স্থানীয় জাতের ধানে ১ দশমিক ৬০ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে।