ফেনীতে বিএনপি-সমর্থিতরাই বেশি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থগিত অবশিষ্ট আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরাই বেশি বিজয়ী হয়েছে। বিএনপি-সমর্থিত চারজন, বিএনপির বিদ্রোহী হিসেবে একজন, আওয়ামী লীগ-সমর্থিত একজন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে দুইজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফেনী সদর উপজেলার ১২টি ইউপির মধ্যে গত ১৬ জুন অনুষ্ঠিত চারটি ইউপি নির্বাচনের দুটিতে আওয়ামী লীগ-সমর্থিত, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং একটিতে বিএনপি-সমর্থিত একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে উপজেলার ১২টি ইউপির মধ্যে একজন বিদ্রোহীসহ সাতটিতে বিএনপি এবং দুইজন বিদ্রোহীসহ পাঁচটিতে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন—ধর্মপুর ইউনিয়নে এম আজাহারুল হক ওরফে আরজু (আ. লীগ), পাঁচগাছিয়া ইউনিয়নে আনোয়ার হোসেন ওরফে মানিক (আ. লীগ-বিদ্রোহী), শর্শদি ইউনিয়নে নুরুল ইসলাম (বিএনপি), কাজিরবাগ ইউনিয়নে জসিম উদ্দিন (বিএনপি), কালিদহ ইউনিয়নে মোহাম্মদ ইউনুছ (বিএনপি-বিদ্রোহী), মোটবী ইউনিয়নে আবদুল খালেক (বিএনপি), বালিগাঁও ইউনিয়নে মোজাম্মেল হক ওরফে বাহার (আ. লীগ বিদ্রোহী), ছনুয়া ইউনিয়নে জহিরুল করিম উল্লাহ (আ. লীগ), ফাজিলপুর ইউনিয়নে মো. রুহুল আমিন (বিএনপি), ফরহাদ নগর ইউনিয়নে মো. মোশারফ হোসেন ওরপে টিপু (আ. লীগ), লেমুয়া ইউনিয়নে মো. কামরুজ্জমান তালুকদার (আ. লীগ বিদ্রোহী) এবং ধলিয়া ইউনিয়নে জাকির হোসেন (বিএনপি)। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের অভিযোগ, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ দলীয় প্রার্থীর পক্ষে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারেননি। তা ছাড়া বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণেও দলের কোনো ভূমিকা দেখা যায়নি। অপরদিকে, বিএনপিতেও একই অবস্থা। তাদেরও প্রতিটি ইউনিয়নে একাধিক বা আরও বেশি চেয়ারম্যান পদপ্রার্থী ছিল। ফেনী সদর উপজেলার কোনো ইউনিয়নে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ছিল না।