ফেনীতে বিএনপির ডাকে শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিএনপির ডাকে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে গতকাল বুধবার। এখানকার তিনটি পৌর নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই করে ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে বিএনপির অভিযোগ। আর এই ‘ফলাফল ছিনতাইয়ের’ প্রতিবাদে গতকাল বুধবার হরতাল আহ্বান করা হয়। হরতাল চলাকালে শহরে দোকানপাট বন্ধ ছিল, স্কুল-কলেজে ক্লাস হয়নি। শহরে রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করেনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস কম চলাচল করলেও মালবাহী ট্রাক ও কভার্ডভ্যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল। সকালে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্টে ও মহাসড়কের মহিপালে বেশ কয়েকটি ককটেল ফাটানো হয়। এতে কেউ হতাহত হননি। তবে সকাল থেকে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। দুপুর পর্যন্ত শহরের হরতালের পক্ষে তেমন কোনো পিকেটিং চোখে পড়েনি। হরতালের কারণে জেলা শহরের সঙ্গে উপজেলা সদরের স্বাভাবিক যোগাযোগ বন্ধ ছিল। জেলা শহরের মতো সব উপজেলা সদরেও শান্তিপূর্ণ ভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। হরতালের কারণে শহরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। গতকাল বুধবার দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।