ফেনীতে বিএনপির ফল প্রত্যাখ্যান, প্রত্যাশার প্রতিফলন পরশুরামে
ফেনীতে গত মঙ্গলবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন তফসিল ঘোষণার মাধ্যমে নতুন নির্বাচন দাবি করেছেন বিএনপি-সমর্থিত দুই প্রার্থী ও জেলা বিএনপি।জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ওরফে মিস্টার অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে শত শত বহিরাগত দলীয় কর্মী-সমর্থক ভোর থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ঢুকে জোর করে ভোট দেন। তাঁরা সাধারণ ভোটারের হাত থেকেও ব্যালট পেপার নিয়ে দলীয়-সমর্থিত প্রার্থীর প্রতীকের অনুকূলে সিল মারেন এবং কোনো কোনো কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। একটি কেন্দ্রে দুটি ব্যালট বাক্স ছিনতাই করা হয়।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান অবশ্য ভোট কারচুপি, ব্যালট পেপারে জোর করে সিল মারার কথা অস্বীকার করেন। তিনি উল্টো অভিযোগ করেন, বিএনপি ফেনীর পৌর নির্বাচনকে কলঙ্কিত করার জন্য পরিকল্পিতভাবে এসব কথা প্রচার করে চলছে।এদিকে, ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের অধিবাসী ও বিএনপি সমর্থক আবু আহম্মদ ফেনী পৌর নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে খোদ বিএনপিকেই দোষারোপ করেছেন। তাঁর মতে, বিএনপির প্রার্থী দাবিদার ছিলেন দুইজন। একজন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কাদরের অনুগত জেলা বিএনপির প্রার্থী ফারুক হারুন। অন্যজন ফেনী পৌরসভার বর্তমান মেয়র ও কেন্দ্রীয় বিএনপির প্রার্থী দাবিদার নুরুল আবসার। স্থানীয় সাংসদ জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল নুরুল আবসারকে সমর্থন করেন। এতে দুপক্ষের দ্বন্দ্ব আরও বাড়ে। তাঁরা কেউ কাউকে কোনো ছাড় না দিয়ে পরস্পরের বিরুদ্ধে ভোটযুদ্ধে অবতীর্ণ হন। এতে দলীয় কর্মী-সমর্থকেরাও ভাগ হয়ে যান। এ সুযোগ পুরোপুরি কাজে লাগায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। ফলে বিএনপি নেতা-কর্মীরা এখন অনেকটা হতাশ হয়ে পড়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক বলেন, ফেনীতে ভোট কারচুপি, ব্যালট ছিনতাই ও জোর করে নির্বাচিত হওয়ার রেওয়াজ গত দুদশকেরও বেশি সময় থেকে চলে আসছে। বিএনপি-সমর্থিত প্রার্থীদের ওইসব পুরোনো কথা মনে রেখেই ভোটযুদ্ধে নামা উচিত ছিল। বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত ফেনীর পরশুরাম পৌরসভা নির্বাচনে এবার বড় ব্যবধানে জিতে এলেন আওয়ামী লীগ প্রার্থী সাজেল চৌধুরী। সাত হাজার ৮১৮ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (বর্তমান মেয়র) আবু তালেব পেয়েছেন চার হাজার ৬২০ ভোট। বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মতে, বিএনপির প্রার্থীর পরাজয়ের বড় কারণ ভোটে দলের বিদ্রোহী প্রার্থীর ভাগ বসানো। তা ছাড়া ভোটাররাও এবার মেয়র নির্বাচনে পরিবর্তন চেয়েছিল বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির নেতারা।জানা যায়, পরশুরামে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। সম্প্রতি বিএনপির কয়েকজন নবীন-প্রবীণ নেতা দলীয় প্রার্থী আবু তালেবের হাতে লাঞ্ছিত হয়েছেন। ফলে সংশ্লিষ্ট নেতা-কর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এ ছাড়া, দীর্ঘ নয় বছর পৌরসভার দায়িত্ব পালনকালে পৌরসভার অনিয়ম, দুর্নীতি ও অবৈধ প্রভাব খাটানোসহ বিভিন্ন অভিযোগে আবু তালেবের বিরুদ্ধে আটটি মামলা হয়েছে। ইতিমধ্যে জেলও খেটেছেন তিনি। এসবও তাঁর পরাজয়ের কারণ বলে মনে করা হচ্ছে। অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী সাজেল চৌধুরী রাজনীতিতে নতুন। তাঁর বিরুদ্ধে তেমন কোনো অভিযোগও ওঠেনি। পরশুরাম নাগরিক কমিটির সভাপতি আবুল খায়ের খন্দকার বলেন, ‘জনগণ এবার পরিবর্তন চেয়েছিল। এ ছাড়া, নাগরিক কমিটি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাজেলকে সমর্থন দিয়েছে। অপরদিকে পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দীর্ঘদিনের কোন্দল মিটিয়ে নেতারা আওয়ামী লীগের একক প্রার্থী মনোনয়ন দিতে পেরেছে। এসব কিছু সাজেলের বিজয়কে সহজ করেছে।’ উপজেলা বিএনপির সাবেক দুই সভাপতি আবু তালেব (বড় তালেব) ও আবু নাছের চৌধুরী দলীয় কোন্দলের কথা স্বীকার করে জানান, দলের সাধারণ সম্পাদক অলিউর রহমান, কাজী করিম উল্যাহসহ অনেকে এবার আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাঁরা উপজেলা বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ওপর বিভিন্ন সময় নির্যাতন ও লাঞ্ছিত করার ঘটনা প্রকাশ্যে তুলে ধরেছেন।এ ব্যাপারে কথা বলার জন্য বিএনপি-সমর্থিত প্রার্থীকে গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী মেয়র সাজেল চৌধুরী বলেন, ‘আমি রাজনীতিতে নতুন এসেছি। কোনো অন্যায়-অবিচারের অভিযোগ আমার বিরুদ্ধে নেই। এ ছাড়া তরুণ-যুবকসহ দলের সবাই আন্তরিকভাবে আমার পক্ষে কাজ করেছেন। নির্বাচনে আমার প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে।’