ফেনীতে ঈদের কেনাকাটা এখন জমজমাট। মেয়েদের পোশাকে বাজার মাত করেছে ‘ফ্লোরটাচ’, ‘কিরণমালা’ ও গাউন, ছেলেদের পছন্দ নজরকাড়া নকশার পাঞ্জাবি ও জিনস প্যান্ট।
এদিকে ক্রেতাদের কাছে টানতে বড় বিপণিবিতানগুলো প্রতিযোগিতা দিয়ে আয়োজন করছে র্যাফল ড্র। এতে রয়েছে নানা পুরস্কার। বিপণিবিতানগুলো হচ্ছে শহীদ হোসেন উদ্দিন বিপণিবিতান, ফেনী সেন্টার, গ্র্যান্ড হক টাওয়ার, জুম্মা শপিং সেন্টার, তমিজিয়া শপিং কমপ্লেক্স, জহিরিয়া টাওয়ার, এফ রহমান এসি মার্কেট ও মহিপাল প্লাজা।
ফেনী সেন্টারের রাজমহল বুটিক হাউসের স্বত্বাধিকারী আসাদুজ্জামান তাঁর দোকানে রাখা একটি ভারতীয় লেহেঙ্গার দাম হাঁকেন ৯৫ হাজার টাকা। এ ছাড়া ‘কিরণমালা’ তিন থেকে ১৫ হাজার টাকা, ‘ফ্লোরটাচ’ তিন থেকে সাড়ে ১২ হাজার টাকা এবং লেহেঙ্গার সর্বনিম্ন দাম ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
আলী আহম্মদ টাওয়ারের বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, এবার ছোটদের পাশাপাশি বড়দের ‘পাখি’ পোশাকটিও চলছে। জনপ্রিয়তার শীর্ষে আছে ‘ফ্লোরটাচ’ ও ‘কিরণমালা’। এ ছাড়া ‘রাগিনি’, পার্টি ফ্রকও ভালো চলছে। এসব পোশাকের দামও কম নয়। হাতের কাজের ওপর নির্ভর করে বিভিন্ন ডিজাইনের ফ্লোরটাচ ও গাউনের দাম।
অন্যদিকে ছেলেদের ‘মাই নোভার’ পাঞ্জাবি এবার ঈদে বেশি চলছে। এই পাঞ্জাবির দাম পড়ছে তিন হাজার টাকা। এ ছাড়া দেশি পাঞ্জাবির কদরও রয়েছে তরুণদের মধ্যে। সঙ্গে চলছে কটি।
দোকানিরা জানান, মেয়েরা সালোয়ার–কামিজের পাশাপাশি শাড়িও কিনছেন। কাটতি বেশি জর্জেট, বিভিন্ন ধরনের কাতান, কাঞ্চিবরণ, জামদানি, ভারতীয় সিল্ক, ঢাকাইয়া জামদানি, মসলিন, টাঙ্গাইল ও তাঁতের শাড়ির।