ফেনীতে বিশ্ব নাট্য দিবসে তনু হত্যার বিচার দাবি নাট্যকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ফেনীর নাট্যকর্মীরা। গত ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নানা কর্মসূচির পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যারও প্রতিবাদ জানান তাঁরা।
প্রতিবাদ সমাবেশের পাশাপাশি ফেনী থিয়েটার দিবসটি উপলক্ষে পথনাট্য উৎসবের আয়োজন করে। ২৭ মার্চ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেন সাংস্কৃতিক কর্মীরা। ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী রাশেদ মাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব সুমন মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস টি কামরান হাসান, নাট্যব্যক্তিত্ব নারায়ণ নাগ, নাসির উদ্দিন সাইমুম, হারুন উর রশিদ, কবি ইকবাল চৌধুরী প্রমুখ।
মানববন্ধন শেষে অমল রায়ের রচনায় ও আনোয়ার হোসেনের নির্দেশনায় ফেনী থিয়েটার শিব ঠাকুরের আপন দেশে নাটকটি মঞ্চস্থ করে। নাটকটিতে সমাজের বিচার ব্যবস্থার অসংগতি ও সাজার বিষয়টি তুলে ধরা হয়েছে।
এরপর বাদল সরকার রচিত ও রজত তনাময় ও সাখাওয়াত ফাহাদের নির্দেশনায় ঢাকা আর্ট থিয়েটারের নাটক সমাজের তিন চরিত্র প্রদর্শিত হয়।